ইভিএম নিয়ে সংকটে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি। এ ব্যাপারে দলের স্থানীয় নেতাদের পক্ষ থেকে ব্যাপক চাপ রয়েছে। কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রশ্নে দলের পূর্বঘোষিত অবস্থানের কারণে সংকটে পড়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।কারণ এই নির্বাচনে সেনা মোতায়েন না করা এবং সব কেন্দ্রে ভোট গ্রহণে ইভিএম ব্যবহার করার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এই দুটি কারণকে সামনে এনেই গত মাসে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন প্রত্যাখ্যান করেছিল বিএনপি। কিন্তু কুমিল্লার নির্বাচনে অংশ নিতে চায় দলটি। এ জন্য দলের স্থানীয় পর্যায় থেকেও ব্যাপক চাপ রয়েছে।ইতিমধ্যে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে বিএনপি থেকে দুজন পোস্টার-ব্যানার ও গণসংযোগের মাধ্যমে মাঠে নেমে পড়েছেন। তাঁরা হলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য বিলুপ্ত কুমিল্লা পৌরসভার মেয়র মনিরুল হক ওরফে সাক্কু এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন। বিএনপির স্থানীয় নেতাদের দাবি, কুমিল্লায় ক্ষমতাসীন দলটি কয়েকটি ধারায় বিভক্ত। তার ওপর সার্বিকভাবে সরকারের জনপ্রিয়তাও ভাটার দিকে। এ অবস্থায় সহজ জয়ের প্রত্যাশা করে বিএনপি। স্থানীয় নেতাদের এই দাবি অনেকাংশে বিশ্বাস করেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও।এ অবস্থায় এই নির্বাচনে অংশ নেওয়া না-নেওয়ার সিদ্ধান্ত স্থানীয় নেতাদের ওপর ছেড়ে দিতে চায়। এটাকে ইভিএম ও সেনা মোতায়েন নিয়ে দলের কেন্দ্রীয় অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা থেকে এড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।এদিকে প্রথম আলোর কুমিল্লার নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, বিএনপির সমর্থনপ্রত্যাশী সম্ভাব্য দুই মেয়র পদপ্রার্থী মনিরুল হক ও আমিন উর রশিদকে গতকাল বুধবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর গুলশান কার্যালয়ে ডেকে পাঠান। এ নিয়ে রাত ১০টায় তাঁদের সঙ্গে কথা বলেন খালেদা জিয়া। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও রফিকুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন। রাত ১১টায় বৈঠক শেষে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বিএনপির কুমিল্লা জেলা কমিটি আলোচনা করে সিদ্ধান্ত দেবে। এটা স্থানীয় সরকার নির্বাচন, এতে দলের সমর্থনের কোনো ব্যাপার নেই। স্থানীয় নেতৃত্ব ঠিক করবে কী করা উচিত।’গত রাতের বৈঠক সম্পর্কে আমিন উর রশিদ প্রথম আলোকে বলেন, ‘সিটি নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে খালেদা জিয়া কুমিল্লায় আমাদের বসে সিদ্ধান্ত নিতে বলেছেন। আমরা কুমিল্লায় গিয়ে এ ব্যাপারে দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত নেব।’অবশ্য এর আগে গতকাল দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-২ আসনের সাংসদ এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া নিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে আছি। আমরা ইভিএমের বিরুদ্ধে ও সেনা মোতায়েন করার পক্ষে অবস্থান নিয়েছি। যেহেতু কমিশন এটা করছে না, তাই আমাদের করণীয় নির্ধারণে সিদ্ধান্ত নিতে হবে।’ দলীয় সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় নেতারা মনে করছেন, এই নির্বাচনে অংশ নিলে ইভিএমের বিরুদ্ধে বিএনপির অবস্থান জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। তাই বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখে ইভিএমে ভোট গ্রহণ না করার এবং নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানানো হয়েছে। জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ইভিএম নিয়ে কোনো জটিলতা সৃষ্টি হলে এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। এর বিরুদ্ধে বিএনপি আপত্তি জানিয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন হলেও বিএনপি মনে করে, এ নিয়ে কথা বলা দরকার। কেননা, ইভিএমে কারচুপির সুযোগ থাকে। আর সেনা মোতায়েন না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।এ অবস্থায় বিএনপি কুমিল্লার সিটি করপোরেশনে অংশ নেবে কি না—এই প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে স্থানীয় বিএনপি।দলীয় সূত্র জানায়, পরিস্থিতি নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কয়েক দফা কথা বলেছেন। ১২ নভেম্বর খালেদা জিয়া কুমিল্লা জেলার বিএনপির নেতাদের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। ওই বৈঠকে স্থানীয় নেতাদের তফসিল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছিল। দলীয় সূত্র জানায়, বিএনপির সম্ভাব্য দুই মেয়র পদপ্রার্থী আমিন উর রশিদ ও মনিরুল হক দলীয় চেয়ারপারসনকে বলেছেন, কুমিল্লায় আওয়ামী লীগে তিন-চারটি পক্ষ ও ব্যাপক কোন্দল রয়েছে। একই সঙ্গে সরকারের জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে যাওয়ায় বিএনপির পক্ষে এই নির্বাচনে ভালো ফল করা সম্ভব।