সাম্যবাদী দল নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে মত দিয়েছে। আজ বুধবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে নির্ধারিত সংলাপ শেষে দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, নির্বাচনে ইভিএম পদ্ধতি প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। সুষ্ঠু নির্বাচনে এ পদ্ধতি ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন।বেলা ১১টায় শেরেবাংলা নগরে ইসি সচিবালয়ে এ বৈঠক শুরু হয়ে চলে সাড়ে ১২টা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বৈঠকে সভাপতিত্ব করেন । দিলীপ বড়ুয়া বলেন, তাঁর দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পছন্দ করে না। তাঁরা মনে করেন, নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করা ভালো। এজন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে।গতকাল মঙ্গলবার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ শুরু হয়েছে। ১৪ জুলাই পর্যন্ত দেশের ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে পর্যায়ক্রমে এ সংলাপ চলবে। নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন, নির্বাচন কমিশনারদের নিয়োগ পদ্ধতি আইন, ইলেকট্রনিক ভোটিং মেশিন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে চায়।গতকালের বৈঠকে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে মত দেয় আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি)। তবে অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ইভিএমের বিরোধিতা করে।