ইভিএম বাতিলের দাবিতে জেলা বিএনপির স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম পদ্ধতি বাতিল ও সেনা মোতায়েনের দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।আজ শনিবার সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ওই স্মারকলিপি দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেনের কাছে ওই স্মারকলিপি তুলে দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আমিন উর রশিদ ইয়াছিন।স্মারকলিপিতে নির্বাচন কমিশনের কাছে ইভিএম ব্যবহার না করার সুস্পষ্ট ঘোষণা দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে জনগণ প্রহসনের ওই নির্বাচন বর্জন করলে এর দায় কমিশনকে বহন করতে হবে বলেও উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, ইভিএমে কারচুপির যথেষ্ট সুযোগ রয়েছে। পৃথিবীর অন্যান্য দেশ এ ব্যবস্থা বাতিল করেছে। ইভিএমের মতো একটি বিতর্কিত পদ্ধতি জনগণের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই ঠিক নয়।রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, ‘স্মারকলিপি পেয়েছি। কাল (রোববার) নির্বাচন কমিশন সচিবালয়ে ওই স্মারকলিপি পাঠানো হবে।’উল্লেখ্য, আগামী ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ নির্বাচনে ইভিএম পদ্ধতি বাতিল ও সেনা মোতায়েনের দাবিতে বিএনপি এরই মধ্যে মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন করেছে। সর্বশেষ আজ তারা স্মারকলিপি দিয়েছে।স্মারকলিপি পেশ করার সময় সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আমিন উর রশিদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মাহবুবুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শহর বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।