ইভিএম ব্যবহার হলে বিএনপি কুমিল্লা সিটি নির্বাচনে যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভিএম পদ্ধতি ব্যবহার করলে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে না। আজ শুক্রবার সকালে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আমিন-উর রশিদ ইয়াছিন লিখিত বক্তব্যে এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নির্বাচন কমিশন ওই সিদ্ধান্ত বাতিল না করলে নির্বাচনের দিন পর্যন্ত বিএনপি টানা কর্মসূচি চালিয়ে যাবে। একই সঙ্গে সিটি করপোরেশন এলাকার বিভিন্ন পয়েন্টে ইভিএমের মাধ্যমে ভোট কারচুপির নমুনা প্রোজেক্টরের মাধ্যমে ভোটারদের কাছে উপস্থাপন করা হবে। এ পদ্ধতির মাধ্যমে কারিগরি ছলচাতুরি করে একজন ব্যক্তি একের অধিক ভোট দিতে পারবে বলে অভিযোগ করেন তাঁরা। তাই নির্বাচন কমিশনকে অবাধ, নিরপেক্ষ ও অর্থবহ নির্বাচন নিশ্চিত করতে হলে ওই পদ্ধতি বাতিল ও সেনা মোতায়েন করার দাবি জানানো হয়।কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে ওই সংবাদ সম্মেলন হয়। সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আরেক সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মনিরুল হক সাক্কু এবং তাঁর অনুসারী জেলা বিএনপি, অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন না। আমিন-উর রশিদ ইয়াছিন বলেন, ‘এসব দাবিতে কাল শনিবার আমরা কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেব। ৩০ নভেম্বরের মধ্যে দাবি না মানলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’মেয়র পদপ্রার্থী ইয়াছিন আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া ইভিএমের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আমরাও একই অবস্থানে আছি।’ আগামী ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকের সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী, সাবেক সাংসদ মাহবুবুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শহর বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, শহর যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি উত্বাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক নিজামউদ্দিন কায়সার।