ইভিএম ব্যবহারের লক্ষ্যে কাজ করছে ইসি: সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, দশম সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। তবে শেষ পর্যন্ত ওই নির্বাচনে ইভিএম ব্যবহার হবে কি না, সে সিদ্ধান্ত নেবে পরবর্তী কমিশন। বর্তমান কমিশন তাদের জন্য সব প্রস্তুতি রেখে যাবে।নির্বাচনী আইন সংস্কারসংক্রান্ত সংলাপে আজ রোববার সিইসি এ কথা বলেন। সংলাপে বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন পত্রিকা ও সংবাদ সংস্থার সম্পাদক এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা বলেন, প্রযুক্তিগত সুরক্ষা নিশ্চিত করে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করতে হবে। এ প্রযুক্তির প্রচলনের আগে জনসচেতনতা সৃষ্টি এবং রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করে পর্যায়ক্রমে তা চালু করতে হবে।এ বিষয়ে শামসুল হুদা বলেন, ‘কমিশন কখনো বলেনি যে ২০১৪ সালের নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে। এটা বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও ইসি দুটি আলাদা প্রতিষ্ঠান। আমরা প্রধানমন্ত্রীর দপ্তরেরও কেউ নই। স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে আমরা নিজেদের কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। সে জন্য ইভিএম ব্যবহারের বিষয়ে কমিশনের মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব নেই। নির্বাচন ব্যবস্থাপনাকে সুষ্ঠু ও দ্রুত ফল ঘোষণার জন্য ইভিএম ব্যবহার করা হবে।’শামসুল হুদা জানান, সদ্যঘোষিত নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। জাতীয় নির্বাচনের জন্য ৪১ হাজারের বেশি কেন্দ্রের জন্য দুই লক্ষাধিক ইভিএম তৈরি করা হবে। রাজনৈতিক দলের আপত্তির কারণে তা ব্যবহার করা না হলেও কোনো ক্ষতি নেই। কারণ এসব মেশিন ১৫ বছর পর্যন্ত ব্যবহার করা যাবে।জ্যেষ্ঠ সাংবাদিক এবিএম মূসা বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব ইসির। এ ক্ষেত্রে ইসির সিদ্ধান্তই চূড়ান্ত। সংবিধানই তাদের সে ক্ষমতা দিয়েছে। সুতরাং জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়েও ইসিকে এককভাবে সিদ্ধান্ত নিতে হবে।এ প্রসঙ্গে সিইসি বলেন, জাতীয় নির্বাচনে দলগুলোর মতামতকে গুরুত্ব দিলেও স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের কারও কথা আমলে নেওয়া হবে না।প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের দিকে এগোতে হবে। ইভিএম ব্যবহারের আগে জনগণের আস্থা অর্জন করতে হবে। জনগণের আস্থা অর্জন করে এটি ব্যবহার করা হলে কেউ ঠেকাতে পারবে না।জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, এবিসি রেডিওর হেড অব নিউজ সানাউল্লাহ লাবলু, বাসসের প্রধান সম্পাদক ইহসানুল করিম, নিউ নেশনের সম্পাদক মুস্তফা কামাল মজুমদার, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক শাহজাহান সরদার প্রমুখ।সংলাপে সভাপতিত্ব করেন সিইসি এ টি এম শামসুল হুদা। এ ছাড়া উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন।