ইভিএম ভালো তবে বয়স্করা একটু নার্ভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা বিতর্কের পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ব্যবহার করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। বাইরের আলোচনা-সমালোচনা নয়, যাঁরা ভোট দিচ্ছেন ইভিএম নিয়ে তাঁদের অনুভূতি কী?আজ রোববার সকালে নারায়ণগঞ্জের শিশুবাগকেন্দ্রে ভোট দিতে এসেছেন একটি যৌথ পরিবারের নয়জন নারী সদস্য। তাঁদের কয়েকজন এবারেই নতুন ভোটার হয়েছেন। আছেন কয়েকজন বয়স্ক ভোটারও। ইভিএম নিয়ে কথা হয় তাঁদের সঙ্গে।

ওই পরিবারের নতুন ভোটার শাহানূর আক্তার (২২) বলেন, ‘প্রথমবারের মতো ভোট দিচ্ছি। ইলেকট্রনিক ভোটিং মেশিন আমাদের জন্য ভালো, তবে বয়স্করা একটু নার্ভাস রয়েছে।’তাঁদের মধ্যে আছেন বয়স্ক ভোটার আছিয়া খাতুন (৬২) জানান, ‘আগে অনেকবার ভোট দিয়েছি, তবে ইভিএম পদ্ধতিতে এই প্রথম ভোট দিতে এসেছি। একটু বেশি টেনশন হচ্ছে। ঠিকমতো ভোট দিতে পারি কি না। যদি ভোটটি নষ্ট হয়।’

বন্দর থানার ২৪ নম্বর ওয়ার্ডের কদমরসুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ শুরুর আগে ইভিএম মেশিনে ডেম ভোট নেওয়ার সময় একটি মেশিন নষ্ট পাওয়া যায়। পরে প্রিজাইডিং কর্মকর্তা এ এস এম শাহাদাত হোসেন সঙ্গে সঙ্গে মেশিনের কন্ট্রোল ইউনিট পরিবর্তন করে দেন।২৩ নম্বর ওয়ার্ডের নবীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়কেন্দ্রে ভোট দিতে আসা সিরাজুল ইসলাম (৪৫) জানান, ইভিএম পদ্ধতিটি বুঝতে না পেরে তিনি একজনকে ভোট দিতে গিয়ে অন্যজনকে দিয়ে দেন। এই পদ্ধতিতে ভোট দিতে সাধারণত ১০ সেকেন্ড সময় লাগলেও সাদেকুন্নেছা নামে মধ্যবয়সী এক নারীর ইভিএমে ভোট দিতে সাড়ে সাত মিনিট সময় লেগেছে। তিনি জানান, প্রতীকগুলো বুঝতে না পারায় বারবার ভুল হচ্ছিল, তাই এত সময় লেগেছে।অন্যদিকে সাজিয়া আফরিন নামের এক তরুণী জানান, ‘এটা খুবই ভালো। প্রথমে ভয় ছিল। কিন্তু ঢোকার পর খুব সহজেই কম সময়ে ভোট দিতে পেরেছি।’ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মুক্তার হোসেন বলেন, ইভিএম পদ্ধতি থাকা উচিত। কারণ এতে খুব কম সময় লাগে। তবে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, জনগণকে আগে থেকেই এ পদ্ধতিটি সম্পর্কে সচেতন ও বোঝানো দরকার। তবে দরিদ্র ও অনগ্রসর এলাকায় এ পদ্ধতিটি না দেওয়া ভালো ছিল।