ইভিএম হ্যাকিং করা যায় না : ছহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মো. ছহুল হোসাইন বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে নানা রকমের প্রচারণা চলছে। কিন্তু ইভিএম হ্যাকিং করা যায় না। তিনি বলেন, নারায়ণগঞ্জের ২০টি ভোটকেন্দ্র ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) আওতায় থাকবে। এছাড়া ভিডিও ক্যামেরার মাধ্যমে কমিশন প্রার্থীদের নির্বাচনী প্রচারণা পর্যবেক্ষণ করবে। প্রার্থীদের নির্বাচনী ব্যয়ের হিসাব প্রতি সপ্তাহে দাখিল করতে হবে বলেও তিনি জানান। আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ জিয়া হলে অনুষ্ঠিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করতে যা যা করা দরকার কমিশন তার সবই করবে। তিনি বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আবার ঘরে ফিরে যেতে পারে কমিশন সেই নিশ্চয়তা দেবে । এর আগে ছহুল হোসাইন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচনী কাজে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরে মেয়র পদে তিন প্রার্থী শামীম ওসমান, সেলিনা হায়াত আইভি ও তৈমুর আলম খন্দকার বক্তব্য রাখেন।