ইভিএমের কারণেই মনিরুল জিতেছেন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মনিরুল হকের জয়ই প্রমাণ করে যে সেখানে ভোট চুরি হয়নি। আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতির কারণেই এটা সম্ভব হয়েছে। আজ বৃহস্পতিবার গণভবনে কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক ও ৩৬ জন কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করানোর পর প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ইভিএম পদ্ধতি ব্যবহারের ফলে বিরোধী দলের প্রার্থীরাও নির্বাচনে জিততে পারেন। ইভিএম ব্যবহারের ফলেই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে তাঁদেরকে দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা জনগণের ক্ষমতায়ন চাই। যাতে গণতন্ত্র শক্তিশালী হয়। জনগণের ক্ষমতায়ন না হলে দেশে গণতন্ত্র মজবুত হবে না। এর আগে গণভবনে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ৩৬ জন কাউন্সিলরদের শপথ বাক্য পড়ান। তাঁদের মধ্যে নয়জন নারী কাউন্সিলর ছিলেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সেখানে উপস্থিত ছিলেন। গত ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আফজাল খানকে ৩০ হাজার ১৪৮ ভোটে হারিয়ে জয়লাভ করেন বিএনপি-সমর্থিত প্রার্থী মনিরুল হক। ইউএনবি।