ইভিএমের ত্রুটি খুঁজছেন তৈমুর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি-সমর্থিত প্রার্থী তৈমুর আলম খন্দকার গতকাল শুক্রবার বিকেল গণসংযোগে নয়, কাটিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। তাঁকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ত্রুটি বোঝানোর চেষ্টা করেছেন।চাষাঢ়ায় জেলা পরিষদের ডাকবাংলোর ওই কার্যালয়ে শুনানি শেষে বেরিয়ে তৈমুর বলেন, ‘আমি রিটার্নিং কর্মকর্তাকে ইভিএমের ত্রুটি বোঝানোর চেষ্টা করেছি। তবে ইভিএম থাকলেও আমি নির্বাচনে যাব। বারবার গুজব ছড়ানোর চেষ্টা চলছে, আমি নির্বাচনে থাকব না। কিন্তু একমাত্র মৃত্যুই পারে আমাকে নির্বাচন থেকে দূরে সরাতে।’ তিনি বিকেল চারটায় ওই কার্যালয়ে যান এবং সেখান থেকে বের হন সন্ধ্যা সোয়া ছয়টায়।এর আগে তৈমুর সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচারণা চালান। শহরের মাসদাইরের শেরেবাংলা সড়কের পৈতৃক বাড়ির নিচতলায় মজলুম মিলনায়তনে সকাল সাতটায় তিনি নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। আটটায় গাড়িতে করে কর্মীদের নিয়ে বের হয়ে প্রথমে যান পুরাতন কোর্ট এলাকায় বিএনপির সাবেক সাংসদ আবুল কালামের বাসভবনে। সেখানে তাঁর সঙ্গে ১৭ মিনিট রুদ্ধদ্বার বৈঠক করেন। এরপর যান শহরের খানপুর মেইন রোডে ‘লাল মসজিদ’-এর কাছে। সেখানে খেলাফত মজলিশের নারায়ণগঞ্জ জেলা ও শহর শাখার নেতারা তাঁকে সমর্থন জানান।এরপর তৈমুর যান সিদ্ধিরগঞ্জে ১ নম্বর ওয়ার্ডে। পুল এলাকায় গাড়ি থেকে নেমে হেঁটে মিজমিজি, সিদ্ধিরগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান, মসজিদবাগ, বাতানপাড়া, তালতলা, পাইনাদি নতুন মহল্লায় গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি নারায়ণগঞ্জকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।দলীয় নেতা-কর্মীদের প্রতিপক্ষের গুজব সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে তৈমুর বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে। আমি নির্বাচনে আছি, শেষ পর্যন্ত নির্বাচনে থাকব। একটি পক্ষ তাঁর পক্ষে আমার ভোট নেওয়ার জন্য সিটি করপোরেশন এলাকায় এ নিয়ে আমার বিরুদ্ধে ষোলো নম্বর গুজব ছড়াচ্ছে।’প্রচারণাকালে তৈমুর ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বলেন, ‘আমি মেয়র নির্বাচিত হলে অবহেলিত নারায়ণগঞ্জকে আধুনিকতার ছোঁয়া দেব।’ তিনি আনারস প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার আহ্বান জানান।গণসংযোগ ও প্রচারণার সময় তৈমুর আলমের সঙ্গে ছিলেন শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন, বিএনপির নেতা সফর আলী ভূঁইয়া, কামাল হোসেন, আবদুল হাই, মামুন মাহমুদ, মনিরুল ইসলাম প্রমুখ।তৈমুর জুমার নামাজ আদায় করেন মিজমিজির পাইনাদি নতুন মহল্লায় কবরস্থান জামে মসজিদে। পরে স্থানীয় ফজলে আজিমের বাড়িতে দুপুরের খাবার খান ও কিছু সময় বিশ্রাম নেন। এরপর গণসংযোগ করেন হিরাঝিল এলাকায়।সেখান থেকে বিকেলে তৈমুর যান এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। ইভিএম নিয়ে সংবাদমাধ্যমে দেওয়া তাঁর একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন তাঁকে কারণ দর্শাতে বলে। সেখানে ছিল এ নিয়ে শুনানি। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির নেত্রী শামা ওবায়েদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ বিশ্বাস ও এ টি এম কামাল।ওই কার্যালয় থেকে বেরিয়ে তৈমুর সন্ধ্যায় বাসায় যান। রাত আটটা পর্যন্ত সেখানেই নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন।