ইভিএমের বাটনে প্রতীকের চিহ্ন থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যালট ইউনিটের বাটনের ওপর প্রতীকের চিহ্ন বসানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোটদান পদ্ধতি সহজ করার জন্য বর্তমান নির্বাচন কমিশন (ইসি) এই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এ বিষয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, বর্তমানে যে ইভিএম আছে, তা আগের তুলনায় আরও ছোট করে বহনযোগ্য করা হবে। এ জন্য বুয়েটকে বলা হয়েছে। এ ছাড়া ইভিএমকে প্রটোটাইপিং (ব্যালট ইউনিটের বাটনে প্রতীকের চিহ্ন) করা হবে। বর্তমানে যেসব মেশিন আছে, তার বাটনে প্রতীকের চিহ্ন নেই।কমিশনের এ-সংক্রান্ত সভার কার্যপত্রে বলা হয়েছে, হিসাব অনুযায়ী দশম জাতীয় সংসদ নির্বাচন ২০১৩ সালের ৬ অক্টোবর হতে ২০১৪ সালের ৪ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। এ জন্য নতুন ইভিএম তৈরির জন্য একটি প্রকল্প গ্রহণ করা হচ্ছে। বৈঠকে বিশেষজ্ঞরা সুপারিশ করেন জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হলে তা তৈরির কাজ ২০১২ সালের মে মাসের মধ্যে শুরু করতে হবে।সুপারিশে আরও বলা হয়েছে, ইভিএমে গ্রহণ করা নির্বাচনী ফলাফল প্রিন্ট আকারে গ্রহণ করা হবে। বর্তমানে নির্বাচনী ফল প্রিন্ট করা হয় না।এ ছাড়া ইভিএমে গ্রহণ করা নির্বাচনী ফল সর্বোচ্চ ৩০ দিন সংরক্ষণ করার বিধান রেখে সিটি করপোরেশন নির্বাচন (ইভিএম) বিধিমালায় সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। এর আগে ভোট গ্রহণের পর ইভিএম ১৮০ দিন সংরক্ষণ করার বিধান ছিল। সংশোধিত বিধানে বলা হয়েছে, নির্বাচনী ফলাফল ঘোষণার পর সংশ্লিষ্ট ইভিএম সংরক্ষণ করার প্রয়োজন না থাকলে নির্বাচনী ফলাফল গেজেটে প্রকাশের ৩০ দিনের মধ্যে ওইসব ইভিএম পুনরায় ব্যবহারের উপযোগী করা যাবে।