ইভিএমের সফল প্রয়োগ, ব্যবহারে আড়ষ্ট বয়স্করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নয়টি ওয়ার্ডের ৫৮টি কেন্দ্রে এক লাখ ৪৮ হাজার ভোটার এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়েছেন। শুরুতে কিছুটা বিতর্ক-সংশয় থাকলেও বেশির ভাগ ভোটার নতুন প্রযুক্তি ব্যবহার করে পদ্ধতিটিকে স্বাগত জানিয়েছেন। পদ্ধতিটির প্রবর্তক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম লুৎফুল কবীর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের বলেন, পদ্ধতিটি নিয়ে ভোটারদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। অল্প সময়ে ভোটার তাঁর পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারছেন। যেসব কেন্দ্রে ইভিএম পদ্ধতি চালু করা হয়েছে, সেসব জায়গায় প্রিসাইডিং কর্মকর্তারা ভোটারদের সহযোগিতা করেন। প্রিসাইডিং কর্মকর্তারা বলেন, ইভিএমে তাঁদের ঝামেলা অনেক কম হয়েছে। প্রার্থীরাও নিশ্চিত হতে পেরেছেন তিনি কাকে ভোট দিয়েছেন। নবীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুক্তার হোসেন বলেন, ইভিএম পদ্ধতি থাকা উচিত। কারণ, এতে সময় খুব কম লাগে। ঝামেলামুক্ত। প্রিসাইডিং কর্মকর্তাদের মতে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের পোলিং এজেন্টদের তৎপরতাও ছিল দেখার মতো। তাঁরাও ভোটারদের সহযোগিতা করেন প্রযুক্তিটি ব্যবহারের বিষয়ে। তবে বয়স্ক ভোটারদের কোথাও কোথাও কিছুটা আড়ষ্ট মনে হয়েছে। সকাল সাড়ে নয়টায় শিশুবাগ বিদ্যালয়ে এক পরিবারের নয়জন সদস্যের সঙ্গে কথা হয়। দুই বোন শাহিনূর আক্তার ও শিখা আখতার বলেন, পদ্ধতিটি বেশ সহজ। এর আগে নির্বাচন কমিশনের উদ্যোগে তাঁরা পদ্ধতিটি সম্পর্কে জেনেছেন। খুব অল্প সময়ে তাঁরা বোতাম চেপে পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পেরেছেন। ওই পরিবারের অপর নারী ভোটার আছিয়া আক্তার (৬০) বলেন, এক বোতাম চাপতে গিয়ে অন্য বোতামে চাপ পড়ে যায় কি না, তা নিয়ে তিনি কিছুটা চিন্তিত। এক ভোটের ব্যবধানেও প্রিয় প্রার্থীর পরাজয় ঘটতে পারে। তাই তিনি খুব ‘নার্ভাস’। এই পদ্ধতিতে ভোট দিতে সাধারণত ১০ সেকেন্ড সময় লাগলেও সাদেকুন্নেছা নামের মধ্যবয়সী এক নারীর ইভিএমে ভোট দিতে সাড়ে সাত মিনিট সময় লেগেছে। তিনি জানান, প্রতীকগুলো বুঝতে না পারায় এত সময় লেগেছে।৫২টি কেন্দ্রের মধ্যে দুটি কেন্দ্রে ইভিএম মেশিনে জটিলতা দেখা দেয়। কদমরসুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট শুরুর আগেই যন্ত্রে সমস্যা দেখা দেয়। তবে প্রিসাইডিং কর্মকর্তা ভোটাররা আসার আগেই নতুন যন্ত্র আনিয়ে নেন। এ ছাড়া হাজি সিরাজউদ্দীন মেমোরিয়াল উচ্চবিদ্যালয় কেন্দ্রে ১০ মিনিট ভোট গ্রহণ বন্ধ ছিল বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা মোজাম্মেল হক।