ইভো মোরালেসের বিরুদ্ধে মার্কিন ষড়যন্ত্র!
বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেসকে উৎখাত করতে যুক্তরাষ্ট্র কাজ করছে—এমন অকাট্য প্রমাণ মিলেছে বলে দাবি করেছেন দেশটির একজন মন্ত্রী। সেসব প্রমাণ অবিলম্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো হবে বলেও তিনি জানান। আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।এক সংবাদ সম্মেলনে মিনিস্টার অব প্রেসিডেন্সি হুয়ান র্যামন কিনতানা দাবি করেন, অনুচিত কর্মকাণ্ডের সঙ্গে দেশটিতে মার্কিন দূতাবাসের জড়িত। এর প্রামাণিক তথ্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো হবে। তাঁর কাছে পাঠানোর জন্য সব তথ্য-প্রমাণ জড়ো করা হচ্ছে।২০০৬ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অনেক বিদেশি প্রতিষ্ঠানকে জাতীয়করণের উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বামপন্থী নেতা ইভো মোরালেসের সম্পর্কের অবনতি হতে থাকে। সরকারবিরোধী আন্দোলনে মদদ দেওয়ার অভিযোগ এনে ২০০৮ সালে তিনি তত্কালীন মার্কিন রাষ্ট্রদূত ফিলিপ গোল্ডবার্গকে বহিষ্কার করেন। অবশ্য মার্কিন দূতাবাসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তারা কোনো ধরনের অন্যায় কাজের সঙ্গে জড়িত নয়। এর পরও দুই দেশের সম্পর্ক আবার জোড়া লাগাতে তিন বছর লেগে গেছে। মন্ত্রী এবার অভিযোগ করেন, ২০০৬ সাল থেকে মার্কিন দূতাবাস প্রেসিডেন্ট ইভো মোরালেসের নীতির বিরুদ্ধে ‘স্থায়ী যুদ্ধ’ নীতি অনুসরণ করে যাচ্ছে। তিনি মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে বলেন, ‘আমরা তাঁকে বলতে চাই বলিভিয়া সরকারের বিরুদ্ধে সব ধরনের বিরোধিতা বন্ধ করুন, আমাদের সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ বন্ধ করুন।’ ইভো মোরালেসের শাসনামলে সামজিক ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ও দুর্নীতির বিরুদ্ধে অগ্রগতির বিষয়ে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।ইভো মোরলেস বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট। তিনি আদিবাসীদের জীবনমানের উন্নতি ও সামাজিক বৈষম্য দূর করার জন্য কাজ করছেন। আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচক হিসেবে পরিচিত কিউবার নেতা ফিদেল কাস্ত্রো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজ, ও ইকুয়েডরের রাফায়েল কোরেয়ার ঘনিষ্ঠ মিত্র তিনি।