ইমতিয়াজের ভাই মিরাজকে শ্বাসরোধ করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই আহমেদ মিরাজকে (৫০) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গত শনিবার গভীর রাতে রাজধানীর নিকুঞ্জ-১ সংলগ্ন নির্মাণাধীন কুড়িল উড়ালসেতুর নিচে রেললাইনের পাশ থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন আহমেদ ইমতিয়াজ। তিনি প্রথম আলোর কাছে অভিযোগ করেন, এ সাক্ষ্য দেওয়ার জের ধরেই মিরাজকে হত্যা করা হয়েছে।পুলিশ জানায়, মিরাজের সঙ্গে থাকা মুঠোফোন ও টাকা খোয়া যায়নি। হত্যার কারণ নিয়ে পুলিশ গতকাল রোববার রাত পর্যন্ত নিশ্চিত হতে পারেনি।যেভাবে লাশ উদ্ধার: খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, শনিবার দিবাগত রাত একটার আগে এক পথচারী কুড়িল উড়ালসেতুর নিচে রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় অনবরত মুঠোফোন বাজার শব্দ পেয়ে তিনি এগিয়ে দেখেন, আগাছায় পড়ে থাকা এক ব্যক্তির প্যান্টের পকেট থেকে শব্দ আসছে। তিনি খিলক্ষেত থানায় ফোন করে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, ওই ব্যক্তির নাক-মুখ দিয়ে রক্ত ঝরছে। পুলিশ তাঁর মুঠোফোনে ফোন আসা সর্বশেষ নম্বরে যোগাযোগ করে জানতে পারেন, নম্বরটি ওই ব্যক্তির বোন রোকসানা তানজিমের। একপর্যায়ে আহমেদ ইমতিয়াজ ছোট ভাই মিরাজের মুঠোফোনে ফোন করলে পুলিশ নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়। মিরাজ অবিবাহিত ছিলেন। তিনি বড় বোন রোকসানার সঙ্গে পল্লবীর আরিফাবাদে ভাড়া বাসায় থাকতেন।পরে মিরাজের ভাগনে আনোয়ারুল আজিম ও গায়ক পার্থ বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ভোরে লাশ খিলক্ষেত থানায় নেওয়া হয়। স্বজনদের অনুরোধে গতকাল সকালে পুলিশ মিরাজের লাশ প্রথমে মগবাজারে সংগীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজের বাসার নিচে নেয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় মিরাজের মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।ময়নাতদন্তকারীর বক্তব্য: মিরাজের লাশের ময়নাতদন্ত করা ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, মিরাজের মাথার ডান পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর নাকের হাড় ভাঙা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে মুখ ও নাক চেপে ধরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।মর্গ সূত্র জানায়, মিরাজের ভিসেরা পরীক্ষার জন্য মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে।সুরতহাল প্রতিবেদন: মিরাজের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) গোলাম ফারুক। এতে বলা হয়, নাক থেকে ফেনাযুক্ত রক্ত বেরিয়ে তা ডান চোখের ওপর দিয়ে গড়িয়ে ডান কানে পড়েছে। এ ছাড়া শরীরে কোনো আঘাত বা ছেলা জখমের চিহ্ন নেই।পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ঘাতকেরা ওই স্থানটিকে হত্যার জন্য নিরাপদ হিসেবে বেছে নিয়েছিল। অথবা অন্যত্র হত্যা করে লাশ সেখানে ফেলে গেছে। ঘটনাটি তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।মাতম: দুপুরে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মগবাজারের বাসায় গিয়ে দেখা যায়, স্বজনদের মাতম। স্বজন, ঘনিষ্ঠজন ও গণমাধ্যমকর্মীদের ভিড়। স্বজনেরা আহমেদ ইমতিয়াজকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এ সময় তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা। এক মাস আগে আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি। এর জের ধরেই মিরাজকে হত্যা করা হয়েছে।’ তিনি বলেন, মিরাজের সঙ্গে কারও বিরোধ ছিল না। সাক্ষ্য দেওয়ার পর থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। দরজায় টোকা লাগলেও শঙ্কিত হন। এ কারণে একা কোথাও বের হন না। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমি তো শাহবাগ চত্বরে গিয়েছি। প্রজন্ম চত্বরের কেউ তো এখানে এল না।’আহমেদ ইমতিয়াজ বলেন, মিরাজ গাড়ি কেনাবেচার ব্যবসা করতেন। শনিবার রাত ১২টার পর বোন (রোকসানা) ফোন করে জানান, মিরাজ বাসায় ফেরেননি, ফোনও ধরছেন না। এ খবর পেয়ে রাত একটার পর তিনি (আহমেদ ইমতিয়াজ) মিরাজকে ফোন করলে এএসআই ফেরদৌস ফোন ধরেন এবং মিরাজকে মেরে ফেলা হয়েছে বলে জানান।রোকসানা তানজিম বিলাপ করে বলেন, মিরাজ রাত ১০টার মধ্যেই বাসায় ফিরতেন। ধানমন্ডির রবীন্দ্রসরোবরে যাওয়ার কথা বলে শনিবার সকালে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। তিনি মনে করেন, কাছের কেউ মিরাজকে নিয়ে গিয়ে খুন করেছে।সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মিরাজের খালাতো ভাই গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব থাকতে পারে। এ ছাড়া মিরাজের বড় ভাইয়ের (আহমেদ ইমতিয়াজ) সাক্ষ্য দেওয়াও হত্যার কারণ হতে পারে। চাচাতো ভাই রাইসুল আসাদ জানান, মিরাজের সঙ্গে থাকা মুঠোফোন, টাকা খোয়া না যাওয়ায় তাঁরা নিশ্চিত, মিরাজ ছিনতাইকারীর কবলে পড়েননি।তিন ভাই ও দুই বোনের মধ্যে মিরাজ ছিলেন সবার ছোট। সবার বড় ইফতেখার উদ্দিন আহমেদ অসুস্থতাজনিত কারণে কয়েক বছর আগে মারা গেছেন। ভাইবোনদের মধ্যে দ্বিতীয় সংগীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ। তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আটিয়াকান্দির পাটোয়ারী বাড়িতে।