ইমনের পাশে এলসিএস গিল্ড
নিজের সুর করা গানের স্বত্ব না লিখে দেওয়ায় সংগীত পরিচালক শওকত আলী ইমনের বিরুদ্ধে পরিচালক সুমনের ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ মামলা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির রেশ ধরে গত কয়েক দিন ধরেই চলচ্চিত্র ও সংগীতাঙ্গন উত্তপ্ত। এরই মধ্যে শওকত আলী ইমন আদালত থেকে আগাম জামিন পেয়েছেন। জামিন পাওয়ার পরপরই শওকত আলী ইমন সংবাদ সম্মেলন করে নিজের নিরাপত্তাহীনতা ও সম্মানহানির কথা ব্যক্ত করেছেন গণমাধ্যম কর্মীদের কাছে। শওকত আলী ইমনের বিরুদ্ধে এমন মিথ্যা মামলা এবং হয়রানির বিষয়টিকে সামনে এনে গত শনিবার সন্ধ্যায় মামলাকারীদের সতর্ক করলেন এদেশের সংগীতের শীর্ষ শিল্পী-সুরকার-গীতিকারেরা। গীতিকবি, সুরকার ও সংগীতশিল্পীদের সংগঠন লিরিসিস্ট কম্পোজার সিংগার (এলসিএস) গিল্ডের উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে এলসিএস গিল্ডের সভাপতি আলাউদ্দিন আলী এবং সাধারণ সম্পাদক এন্ড্রু কিশোর সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী যৌথ এক বিবৃতিতে সংগীত পরিচালক শওকত আলী ইমনকে নিয়ে যে ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং তাঁকে যেভাবে অপদস্ত করার প্রক্রিয়া চলছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। এ ধরনের ঘটনা শিল্পীসমাজের ভাবমূর্তি ও সার্বিক নিরাপত্তার জন্য হুমকি বলে সভায় মত প্রকাশ করেন উপস্থিত সবাই। শওকত আলী ইমন দৃঢ়তার সঙ্গে কোনো হুমকির কাছে মাথা নত না করে এবং তাঁর সৃষ্ট গানের কপিরাইট হস্তান্তর না করে যে বিশ্বস্ততা ও সাহসের পরিচয় দিয়েছেন, সে জন্য তাঁকে বিশেষ ভাবে ধন্যবাদ জানানো হয় ওই বৈঠকে। ভবিষ্যতে এ ধরনের যেকোনো অন্যায় ঘটনার ক্ষেত্রে এলসিএস গিল্ড সব শিল্পীর পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়।সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজী মাজহারুল আনোয়ার, শেখ সাদী খান, আলী হোসেন, রফিকুল আলম, শুভ্রদেব, মইনুল ইসলাম খান, সুজিত মুস্তাফা, হাসান চৌধুরী, সাইফুল আজম বাশার, ফুয়াদ নাসের বাবু প্রমুখ।