ইমনের বিয়ে, অতঃপর রিমান্ডে
গ্রেপ্তারের পর আজ বৃহস্পতিবার সকালে রমনা থানা হেফাজতে সংগীতপরিচালক শওকত আলী ইমন বিয়ে করলেন জিনাত কবিরকে। এদিকে মাদকদ্রব্য আইনে করা এক মামলায় ইমনকে আজ এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার মধ্যরাতে শওকত আলী ইমনের পূর্বপরিচিত জিনাত কবির নারী ও শিশুনির্যাতন দমন আইনে রমনা থানায় মামলা করেন। গতকাল বুধবার দুপুরে পুলিশ ওই মামলায় ইস্কাটন গার্ডেনের বাসা থেকে ইমনকে গ্রেপ্তার করে। এ সময় ওই বাসা থেকে নয়টি ইয়াবা বড়ি ও তিন বোতল মদ উদ্ধার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় পুলিশ তাঁর বিরুদ্ধে রমনা থানায় মাদকদ্রব্য আইনে আরেকটি মামলা করে। জিনাত কবির মামলায় উল্লেখ করেছিলেন, দীর্ঘদিন ধরে ইমন বিয়ের প্রলোভন দেখালেও তাঁকে বিয়ে করতে অস্বীকার করে আসছিলেন। একাধিক সূত্র জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে রমনা থানায় ইমনের সঙ্গে জিনাত কবিরের বিয়ে সম্পন্ন হয়। ধর্মীয় রেওয়াজ অনুসারে কাজি তাঁদের দুজনকে বিয়ে পড়ান। এ সময় উপস্থিত ছিলেন ইমনের ভাই সুমন, তাঁদের আইনজীবী, গীতিকার কবির বকুল, জিনাত কবিরের ফুপা ও ফুপু। বিয়েতে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি প্রথম আলো ডটকমকে বলেন, ‘১০ লাখ টাকা দেনমোহরে রমনা থানায় ইমন ও জিনাত কবিরের মধ্যে বিয়ে হয়।’ জিনাত কবির বলেন, ‘দুই পক্ষেরই বোঝাপড়ায় ভুল ছিল। বিয়ে করার পর ইমন আমার কাছে ক্ষমা চেয়েছে। সামনের দিকে তাকিয়ে আমি তাকে মাফ করে দিয়েছি। দোয়া করবেন, যাতে সে ছাড়া পায়, সেই চেষ্টা করছি।’ আদালতে জামিনের আবেদনেও জিনাত কবির অনাপত্তি দেন।অবশ্য রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম দাবি করেন, ‘রমনা থানায় এই বিয়ে হয়নি। শুনেছি, ইমন ও জিনাত কবিরের মধ্যে আদালতে সমঝোতা হয়েছে।’ আমাদের আদালত প্রতিবেদক জানান, আজ বিকেলে রমনা থানা পুলিশ পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি শওকত আলী ইমনকে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। ঢাকার মুখ্য মহানগর হাকিম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। নারীনির্যাতন মামলায় আদালত রিমাণ্ডের আবেদন নামঞ্জুর করেন।