ইমরান খানকে নিরাপত্তার প্রস্তাব তালেবানের
পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ও বর্তমান রাজনীতিবিদ ইমরান খানকে নিরাপত্তার প্রস্তাব দিয়েছে তালেবানরা। বার্তা সংস্থা আইএএনএসের বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’ আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।আগামী রোববার পাকিস্তানের বিক্ষুব্ধ উপজাতি এলাকায় ইমরান খানের একটি শান্তি সমাবেশ করার কথা রয়েছে। এই প্রেক্ষাপটে তালেবানরা তাঁকে নিরাপত্তার প্রস্তাব দিয়েছে বলে খবরে জানা গেছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের এই নেতা এর আগে দেশটির কয়েকটি শহরে রাজনৈতিক সমাবেশ করেছেন। ওই সব সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল।পাকিস্তানি তালেবানের এক জ্যেষ্ঠ কমান্ডার বলেছেন, গোষ্ঠীটির নেতা হাকিমুল্লাহ মেহসুদের নেতৃত্বে বেশ কিছুদিন আগে একটি বৈঠক হয়েছে। ওই বৈঠক থেকে ইমরান খানকে হত্যার জন্য আত্মঘাতী হামলাকারী পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু মার্কিন ড্রোন হামলার বিরুদ্ধে ইমরান খানের শক্ত অবস্থান তাঁকে নিরাপত্তা-সহায়তার প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে তালেবানদের উত্সাহিত করেছে। পাকিস্তানি তালেবানের এক মুখপাত্র বলেছেন, ‘প্রয়োজনে আমরা তাঁদের (ইমরান ও তাঁর সমর্থক) নিরাপত্তা দিতে প্রস্তুত আছি। ড্রোন হামলা যে আমাদের সার্বভৌমত্বের বিরোধী, ইমরান খানের এ অবস্থানের সঙ্গে আমরা একমত।’ওই মুখপাত্র আরও বলেন, ‘ধর্মীয় নেতাদের অনেক আগেই ড্রোনবিরোধী সমাবেশের উদ্যোগ নেওয়া উচিত ছিল। কিন্তু ইমরান খান এটার নেতৃত্ব নিয়েছেন। আমরা তাঁর ও তাঁর সমর্থকদের ক্ষতি করব না।’