ইমরান খানকে বিমান থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদ
পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খানকে কানাডার টরন্টো শহরে যুক্তরাষ্ট্রগামী একটি বিমান থেকে নামিয়ে প্রায় এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে যুক্তরাষ্ট্রগামী অন্য একটি ফ্লাইটে তাঁকে তুলে দেওয়া হয়।গতকাল শুক্রবার টরোন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে তাঁকে নামানো হয় বলে টরোন্টো ‘সান’ পত্রিকার খবরে বলা হয়েছে।খবরে বলা হয়, ইমরান খান নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির উদ্দেশে যাচ্ছিলেন। সেখানে দলের জন্য তহবিল সংগ্রহ করতে একটি নৈশভোজে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। এর আগে গত বৃহস্পতিবার কানাডার ব্র্যাম্পটনে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা ও ড্রোন হামলা নিয়ে তিনি কড়া বক্তব্য দেন।গতকাল ইমরান খান টুইটারে লেখেন, ‘আমাকে বিমান থেকে নামানো হয় এবং কানাডায় মার্কিন অভিবাসন কর্মকর্তারা ড্রোন হামলা নিয়ে আমার মতামত জানতে চান। ড্রোন নিয়ে আমার অবস্থান পরিষ্কার। এটি অবশ্যই বন্ধ করতে হবে।’মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) বলেছে, আইনি বাধ্যবাধকতার কারণে তাঁরা এ-সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করবেন না।ইমরান খান চলতি মাসের শুরুতে পাকিস্তানের উপজাতীয় এলাকায় মার্কিন ড্রোন হামলার প্রতিবাদে এক বিক্ষোভ র্যালির আয়োজন করেন।