ইমরানকে ইন্তিখাবের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বিশ্বকাপ দল গঠন আত্মরক্ষামূলক হয়েছে বলে ইমরান খান যে মন্তব্য করেছেন, তা উড়িয়ে দিয়েছেন দলটির ম্যানেজার ইন্তিখাব আলম। বলেছেন, দলের স্বার্থে যা যা করণীয় তা-ই করা হচ্ছে। সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে খেলোয়াড়দের।ইমরান বলেছেন, পেসারদের পাশাপাশি দুজন স্পিনার ছাড়াও মোহাম্মদ হাফিজকে স্পিনার-অলরাউন্ডার এবং আবদুল রাজ্জাককে ফাস্ট বোলার-অলরাউন্ডার হিসেবে ব্যবহার করাটা ঠিক হচ্ছে না। এটা নেতিবাচক, আত্মরক্ষামূলক।তবে দল গঠনের পক্ষে সাফাই গেয়ে ইন্তিখাব বলেছেন, ‘নিয়মিত প্রস্তুতিমূলক কাজ করছে টিম ম্যানেজমেন্ট। দলের স্বার্থে যা প্রয়োজন, তারা তা-ই করছে।’ ইমরানের সমালোচনার জবাবে তিনি বলেন, ‘মতামত দেওয়ার অধিকার সবারই আছে। কিন্তু আমরাও আমাদের চোখ-কান বন্ধ রাখিনি।’বিশ্বকাপে নিজেদের প্রথম তিনটি ম্যাচেই জয়ী হয়েছে আফ্রিদির দল। ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করলেও ইমরানের মুখ আটকাতে পারেনি পাকিস্তান, ‘তিনটি ম্যাচ জিতলেও আমি মনেপ্রাণে বিশ্বাস করি, একজন স্পেশালিস্ট বোলার ছাড়াই পাকিস্তান খেলছে। একজন ব্যাটসম্যান অথবা একজন অলরাউন্ডারের পরিবর্তে দলটিতে একজন বোলার ঢোকানো উচিত।’আজ শ্রীলঙ্কার পাল্লেকেলেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে পাল্লেকেলে স্টেডিয়ামে খেলা পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জই বলে মনে করছেন ইন্তিখাব, ‘এ জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার ফুট উঁচুতে। এ কারণে শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে। অনুশীলনে তাই আমরা বাড়তি পরিশ্রম করছি।’ফেবারিটের তকমা না নিয়ে বিশ্বকাপ খেলতে আসাটা শাপেবরই হয়েছে বলে ২০০৯ সালে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কোচের বিশ্বাস, ‘টুর্নামেন্টের শুরুতে আমাদের পিঠে ফেবারিটের তকমাটা না থাকায় ভালোই হয়েছে।’বিশ্বকাপের আগের সিরিজে কিউইদের হারালেও বিশ্বকাপে তাদের হালকাভাবে নিচ্ছে না পাকিস্তান। ইন্তিখাব বলেছেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে কঠিন প্রতিদ্বন্দ্বিতাই হবে। তাদের বিপক্ষে সিরিজ জিতলেও এখানকার কন্ডিশন ভিন্ন। তাই শতভাগ সাফল্য ধরে রাখতে আমাদের কঠোর পরিশ্রমই করতে হবে।’ ওয়েবসাইট।