ইমরানকে দেখে এলেন নওয়াজ
পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ গতকাল মঙ্গলবার তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ ইমরান খানকে দেখতে হাসপাতালে গেছেন। নির্বাচন-পূর্ব তিক্ততা কমিয়ে ইমরানের সঙ্গে সৌহার্দ্য স্থাপনের লক্ষ্যে নওয়াজ এমন পদক্ষেপ নিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।গত শনিবার পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির ৬৬ বছরের মধ্যে এই প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকার মেয়াদ পূর্ণ করার পর পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে। নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নওয়াজ।নির্বাচনে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয়েছে। সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনের ভোট গ্রহণে ব্যাপক কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান। তাঁর অভিযোগ, অন্তত ২৫ আসনে কারচুপি হয়েছে। তিনি এসব আসনের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন।নির্বাচনের আগে লাহোরে এক নির্বাচনী সমাবেশে অস্থায়ীভাবে তৈরি লিফট থেকে পড়ে আহত হন ইমরান। লাহোরের শওকাত খানম মেমোরিয়াল হাসপাতালে চিকিত্সাধীন তিনি। নির্বাচনী প্রতিপক্ষ অসুস্থ ইমরানকে গতকাল হাসপাতালে দেখতে যান নওয়াজ। তিনি তাঁকে ফুল দিয়ে শুভকামনা জানিয়েছেন।ডন পত্রিকার অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, হাসপাতাল থেকে বের হয়ে নওয়াজ সাংবাদিকদের জানান, ইমরানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁর কথা হয়েছে। নওয়াজ বলেন, ‘আশা করছি, তিনি শিগগিরই কাজে ফিরবেন। আল্লাহকে ধন্যবাদ, ইমরান নিরাপদ আছেন। ভালো আছেন। আমি আনন্দিত যে তিনি সেরে উঠছেন।’নওয়াজ বলেন, ‘আমরা উভয়ই সব দ্বন্দ্ব ভুলে যাওয়ার বিষয়ে জোর দিয়েছি। সদ্যসমাপ্ত নির্বাচনে অনেক আসন পাওয়ায় আমি ইমরানকে অভিনন্দন জানিয়েছি। আমরা সবাই পাকিস্তানের উন্নতি ও অগ্রগতি চাই।’নওয়াজ শরিফের দল পিএমএল-এন ইমরান খানকে পার্লামেন্টের দুর্নীতি নজরদারি কর্তৃপক্ষ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দিতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে। নওয়াজ তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছেন।