ইমরানের অন্তর্দলীয় ভোট তত্ত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে অগণতান্ত্রিক রাজনৈতিক চর্চা থেকে দলগুলোকে বের করে আনার জন্য দলের ভেতরে নির্বাচনের চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পাবে বলে মনে করেন পাকিস্তান তাহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। ডন অনলাইনের খবরে বলা হয়, পিটিআইয়ের শীর্ষ পদে নেতা নির্বাচনের জন্য অনুষ্ঠেয় নির্বাচন উপলক্ষে ইমরান আজ শনিবার এক বিবৃতিতে বলেছেন, তাঁর দলের ভেতরের নির্বাচন আয়োজনের মতো পদক্ষেপের মধ্যদিয়ে দেশটির রাজনৈতিক দলগুলোর ভেতরের অসাম্য দূর হতে পারে এবং সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে।আগামীকাল রোববার প্রথমবারের মতো পিটিআইয়ের অন্তর্দলীয় নির্বাচনের আগে আজ শনিবার সন্ধ্যায় এ বিবৃতি দেন ইমরান। তিনি বলেন, আগামীকাল দলের ভেতরে ভোট দেওয়ার মধ্য দিয়ে কর্মীরা নতুন ইতিহাস গড়বে। এ ভোটাভুটি পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হবে বলেও মত দেন তিনি।প্রথমবারের মতো দলের ভেতর ভোটের আগে নিজ দলের কর্মী ছাড়াও দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ইমরান। তিনি বলেন, পিটিআইয়ের ভোট দেশকে নতুন ও উন্নত রাজনৈতিক সংস্কৃতি উপহার দেবে। এতদিন তথাকথিত রাজনৈতিক দলগুলো যে চর্চা উপেক্ষা করেছে তা পুনরুদ্ধার করা হবে।ইমরান বলেন, ভুঁইফোড় নেতারা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে। কিন্তু পিটিআই আদর্শের রাজনীতিতে বিশ্বাসী।পিটিআইয়ের নির্বাচন সেল জানিয়েছে, শনিবার দিবাগত রাতে ইলেক্টনিক পদ্ধতিতে ভোটগ্রহণ শুরু হবে। এতে দলের ৬৩ হাজার ভোটার অংশ নেবে। ৪০টি ইউনিয়ন পরিষদ থেকে আসা এ কর্মীরা এ ভোটাভুটিতে অংশ নেবে।নয়টি সাধারণ আসন ও চারটি নারী আসনের জন্য ভোটাভুটি হবে। যেসব ভোটার তাঁদের জাতীয় পরিচয়পত্রে উল্লেখ করা সিম ব্যবহার করে ভোট দেবেন, কেবল তাঁদের ভোটই গ্রহণ করা হবে।