ইমরানের উত্থান ঠেকাতে তত্পর জারদারি-নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণ ও দেশটির জনপ্রিয় রাজনীতিবিদ ইমরান খানকে ঠেকাতে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও বিরোধী নেতা নওয়াজ শরিফ সক্রিয় হয়ে উঠেছেন। এ ব্যাপারে দুই নেতার মধ্যে একটি বৈঠকের আয়োজন চলছে বলে পাকিস্তানের গণমাধ্যমে খবর বেরিয়েছে। যদিও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং অন্যতম বিরোধী নেতা নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)—এই দল দুটির মুখপাত্রেরা দুই নেতার সম্ভাব্য বৈঠকের বিষয়টি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে বেলুচিস্তানের প্রধানমন্ত্রী নওয়াব আসলাম রাইসানি সাংবাদিকদের এই দুই নেতার মধ্যে একটি বৈঠক আয়োজনে অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, পাকিস্তানে রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে এর আগেও একাধিকবার বেলুচিস্তানের প্রধানমন্ত্রী নওয়াব আসলাম রাইসানি পিপিপি এবং পিএমএল-এনের মধ্যে মধ্যস্থতা করেছেন। এদিকে জারদারির ঘনিষ্ঠ এক সহযোগী দ্য নেশনকে দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে গোপন বৈঠকের উদ্যোগের কথা নিশ্চিত করেছেন। বেলুচিস্তানের প্রধানমন্ত্রী এই বৈঠক আয়োজনের ব্যাপারে মধ্যস্থতা করছেন বলে জারদারির ওই সহযোগী স্বীকার করেন।ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খানের উত্থান ও সম্ভাব্য গণতন্ত্রবিরোধী হুমকির পরিপ্রেক্ষিতে দুই দলের নেতারা এ ধরনের বৈঠক আয়োজনে উদ্যোগী হয়েছেন বলে বিশ্লেষকেরা মনে করছেন।