ইমরানের ড্রোনবিরোধী মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের উপজাতীয় এলাকায় মার্কিন ড্রোন (চালকবিহীন বিমান) হামলার প্রতিবাদে দুই দিনের মিছিলে নেতৃত্ব দেবেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান। আজ শনিবার থেকে শুরু হওয়ার কথা এই মিছিলের। তবে কর্তৃপক্ষ এই মিছিল হতে দেবে কি না, তা পরিষ্কার নয়। মিছিলে হামলার হুমকি দিয়েছে পাকিস্তানি তালেবান। বিবিসি অনলাইন ও টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত খবরে এসব তথ্য জানানো হয়।খবরে বলা হয়, আজ রাজধানী ইসলামাবাদ থেকে দুই দিনব্যাপী এই মিছিল শুরু হবে। উপজাতি-অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তানে এক সমাবেশের মাধ্যমে তা শেষ হবে। ওই এলাকায়ই ড্রোন হামলা বেশি হয়ে থাকে। তেহরিক-ই-ইনসাফ দলের সূত্র জানায়, ড্রোন হামলাবিরোধী এই মিছিল ও সমাবেশে কয়েক হাজার মানুষ অংশ নেবে। দক্ষিণ ওয়াজিরিস্তান কর্তৃপক্ষ জানায়, তারা ইমরানের দলকে মিছিল ও সমাবেশের অনুমতি দেয়নি। নিরাপত্তারও নিশ্চয়তা দেয়নি। ইমরান খানের নেতৃত্বাধীন ওই মিছিলে হামলা করার হুমকি দিয়েছে পাকিস্তানি তালেবান। গতকাল তারা এই হুমকি দেয়। ওয়াজিরিস্তানের কাছে তারা একটি প্রচারপত্র বিলি করে। সেখানে ইমরান খানকে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চর উল্লেখ করে বলা হয়, ইমরান খান পাকিস্তানের উপজাতি-অধ্যুষিত এলাকায় ইহুদি ও খ্রিষ্টান বাহিনীকে শক্তিশালী করতে চেয়েছিলেন। এখন তাঁর এই মিছিল আসলে প্রহসন মাত্র।কিন্তু তালেবানদের এই হুমকি আর সরকারের অসম্মতি উপেক্ষা করে মিছিল করার সিদ্ধান্ত নিয়েছেন তেহরিক-ই-ইনসাফের প্রধান নেতা ইমরান খান। তিনি বলেন, ‘আমি ড্রোন হামলার প্রতিবাদে উপজাতি-অধ্যুষিত এলাকায় পরিকল্পিত শান্তি মিছিল পরিচালনা করব।’ইমরান খান অভিযোগ করেন, পাকিস্তানে ড্রোন হামলায় অনেক বেসামরিক মানুষ নিহত হচ্ছে। নারী ও শিশুরা মারা যাচ্ছে, পরিবারগুলো শেষ হয়ে যাচ্ছে। এটি দেশে জঙ্গি তৈরি করছে। তিনি বলেন, ওয়াজিরিস্তানে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধের নামে মার্কিন সরকার ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। বিষয়টি এখন সন্ত্রাসের পক্ষে যুদ্ধে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। গত মাসে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ও নিউইয়র্ক ইউনিভার্সিটির একটি প্রতিবেদনে বলা হয়, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ড্রোন হামলার কারণে পাকিস্তানের বেসামরিক নাগরিকেরা ২৪ ঘণ্টাই আতঙ্কে থাকে।