ইমরানের দাদা রাজাকার ছিলেন কখনো শুনিনি: তারামন বিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনকারী ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকারের পরিবার ও তাঁর দাদা খয়ের উদ্দিন সরকার রাজাকার ছিলেন, এমন খবরের তীব্র প্রতিবাদ এবং এতে ক্ষোভ জানিয়েছেন কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মানুষ। আজ মঙ্গলবার কুড়িগ্রামের জাগরণ মঞ্চ থেকে এ খবরের তীব্র নিন্দা জানানো হয়। রাজিবপুরের মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীক বলেন, ‘খয়ের উদ্দিন রাজাকার ছিলেন, এমন কথা কখনো শুনিনি। শুনেছি তিনি হাজি মানুষ ছিলেন। একজন ভালো মানুষ ছিলেন।’জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডর সিরাজুল ইসলাম বলেন, ইমরান এইচ সরকারের বাবা প্রবীণ সাংবাদিক মতিউর রহমান মুক্তিযুদ্ধের সপক্ষের মুক্ত চিন্তার একজন সৎ মানুষ হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত। কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বালিয়ামারী গ্রামে তাঁদের বাড়ি। তাঁর দাদা রাজাকার ছিলেন না। প্রকৃত ধার্মিক ছিলেন। রাজীবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল হাই সরকার বলেন, যুদ্ধকালীন রাজীবপুর উপজেলা মুক্তাঞ্চল হিসেবে পরিচিত ছিল। কোদালকাটি এলাকায় এক দিন মাত্র পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধ হয়েছিল। ব্রহ্মপুত্র নদবেষ্টিত এ অঞ্চলে পাকিস্তানের সেনা আসার সাহস পায়নি কখনো। আজ মঙ্গলবার মুক্তিযোদ্ধা আবদুল হাই সরকার কুড়িগ্রামের প্রতিনিধির কাছে এসব কথা বলেন। রাজীবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকবর হোসেন বলেন, ‘ইমরান এইচ সরকারের বালিয়ামারী গ্রামের বাড়ি আমার বাড়ির পাশে। ছোটবেলা থেকে তাঁরা আমাদের পরিচিত। ইমরানের দাদা খয়ের উদ্দিন একজন সৎ মানুষ ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের সময়ে সংগঠক হিসেবে কাজ করেছিলেন।’ তিনি আরও বলেন, তাঁদের এলাকাটি মুক্তাঙ্গন হওয়ায় সেখানে কোনো রাজাকার ছিল না। মহোনগঞ্জ এলাকায় আবদুল কাদের ও চর রাজীবপুর এলাকায় আবদুল আজিজ নামে দুজন রাজাকার ছিল। মুক্তিযোদ্ধাদের ভয়ে তারা প্রতিদিন রাজীবপুর মুক্তিযোদ্ধা ক্যাম্পে হাজিরা দিত।চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম জানান, রাজীবপুর উপজেলায় কখনো পাকিস্তানের সেনাবাহিনী যায়নি। ওই এলাকাটিতে কোনো শান্তি কমিটি ছিল না বলে তিনি জানান। ইমরান এইচ সরকারের বাবা মুক্তিযুদ্ধের চেতনার মানুষ ছিলেন বলে তিনি জানান।ইমরান এইচ সরকারের বাবা মতিউর রহমান বলেন, ‘আমাকে, আমার বাবা খয়ের উদ্দিন সরকার এবং আমার পরিবারকে নিয়ে মিথ্যা কুত্সা রটাচ্ছে একটি মহল। আমি কোনো দিনও মুসলিম লীগ করতাম না। আমার বাবাও মুসলিম লীগের সদস্য ছিলেন না। আমরা একেবারেই সাধারণ মানুষ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হওয়া যদি অপরাধ হয়, তার জন্য যেকোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত আছি।’