ইমরানের সঙ্গে জোট করতে প্রস্তুত মোশাররফ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মোশাররফ বলেছেন, তিনি ইমরান খানের সঙ্গে জোট করতে প্রস্তুত। তবে ক্ষমতায় গেলে তাঁর অধীনে কোনো পদে অধিষ্ঠিত হবেন না। সিএনএন-আইবিএনের ‘ডেভিলস অ্যাডভোকেট’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।করন থাপারকে দেওয়া ওই সাক্ষাত্কারে মোশাররফ বলেন, ‘ক্ষমতা দখলের ইচ্ছা পাকিস্তান সেনাবাহিনীর আছে বলে আমি মনে করি না। পরিবেশ এখন সেনাবাহিনীর ক্ষমতা দখলের উপযোগী নয়।’ সেনা অভ্যুত্থান ঘটলে কী করবেন জানতে চাইলে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আমি নিশ্চিত সেনা অভ্যুত্থান ঘটবে না। তবে তেমনটি ঘটলে আমার সমর্থন অবশ্যই সেনাবাহিনীর সঙ্গে থাকবে। আমি এই বাহিনীর লোক। এর বিরুদ্ধে যাওয়ার কথা চিন্তাই করতে পারি না। আমি সেনাবাহিনীর সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব।’ ইমরান খানের দলের সঙ্গে জোট করার সম্ভাবনা বিষয়ে জানতে চাইলে মোশাররফ বলেন, ‘তাঁরা জোট করতে চাইলে আমি অবশ্যই আগ্রহী। তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আমাদের উত্থান ঘটাতে হবে। কারণ, প্রধান দুটি দল অতীত ও বর্তমানে ব্যর্থ হয়েছে। এখন তৃতীয় শক্তির উত্থানের সময় এসেছে, যারা এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে পাকিস্তানকে সামনের দিকে নিয়ে যাবে।’ সাবেক এই সেনাপ্রধান বলেন, যারা ইমরান খানের সঙ্গে তাঁর দলের জোট হবে না বলছেন, তাদের প্রতি তিনি নজর রাখছেন। তিনি বলেন, ‘তাদের কোনো লক্ষ্য নেই। তারা জানে না তাঁরা কী বলছে। মাঠে নামলেই তাঁরা প্রকৃত অবস্থা বুঝতে পারবেন এবং তাঁরা হেরে যাবেন।’ তাঁদের জোট ক্ষমতায় আসলে কী হবে—জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তাঁর (ইমরান) অধীনে কাজ করব না। আমি বাইরেই থাকব। কারও অধীনে আমি কাজ করতে পারব না।’ টাইমস অব ইন্ডিয়া।