ইমরানের ‘ট্যাবলেট প্রেম’!
গত বছরের জানুয়ারিতে বলিউডের অভিনেতা ইমরান খানের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা অবন্তিকা মালিক। কিন্তু ‘গুড বয়’ ইমরানের ওপর বিয়ের মাত্র এক বছরের মধ্যেই দারুণ বিরক্ত অবন্তিকা। অবশ্য শাহরুখ-গৌরির সম্পর্কের মতো এই বিরক্তির উত্স কোনো নারী নন! ট্যাবলেট কম্পিউটারের প্রতি ইমরানের চরম আসক্তিই অবন্তিকার যত বিরক্তির কারণ। দিন-রাত সব সময় ট্যাবলেট কম্পিউটারে ইমরানের মাথা গুঁজে থাকার বিষয়টিকে একদমই সহ্য করতে পারছেন না অবন্তিকা।এ প্রসঙ্গে অবন্তিকার উদ্ধৃতি দিয়ে টিএনএন জানিয়েছে, ‘ট্যাবলেট পিসিতে পুরোপুরি আসক্ত হয়ে পড়েছে ইমরান। এটাই এখন ওর একমাত্র ধ্যান-জ্ঞান। বাসায়, গাড়িতে এমনকি শুটিংয়ের ফাঁকে সময় পেলেই সেটা নিয়ে মাথা গুঁজে বসে থাকে ও। ব্যাপারটা খুবই বিরক্তিকর।’এদিকে অবন্তিকার এই বিরক্তির কারণ জানার পর অনেকেই মজা করে মন্তব্য করেছেন, এই সমস্যার মুখোমুখি হওয়া স্ত্রীদের সংখ্যা পৃথিবীতে একেবারে কম নয়। তবে পুরুষদের এই আসক্তি খুব একটা মন্দ কিছু নয়। কারণ অন্য কোনো নারীর প্রতি আসক্ত না হয়ে ট্যাবলেট পিসি নিয়ে পড়ে থাকাটা ঢের ভালো। আর তারকাদের স্ত্রীদের বেলায় এই তত্ত্ব তো আরও বেশি কার্যকর।