ইমামকে হত্যার হুমকির অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের হাতে নিহত ব্লগার ও শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক আহমেদ রাজীব হায়দারের জানাজা পরিচালনাকারী ইমামকে হত্যার হুমকির অভিযোগে ফারাবী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের হাটহাজারি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নিজাম উদ্দিন প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন।সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ফারাবী নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকার ২ নম্বর গেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে হাটহাজারি থানায় নিয়ে যাওয়া হয়। নিজাম উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, গ্রেপ্তার হওয়া যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে ব্লগার আহমেদ রাজীব হায়দার (৩৫) খুন হন। ওই দিন রাত নয়টার দিকে পলাশনগরে নিজ বাড়ির দেয়ালের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। পাশে তাঁর ল্যাপটপটিও পড়ে ছিল। পল্লবী থানার পুলিশ জানায়, রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি স্থপতি ছিলেন। পরিবার ও শাহবাগের আন্দোলনকারীরা দাবি করেছেন, জামায়াত-শিবিরই কুপিয়ে তাঁকে হত্যা করেছে। নিহত রাজীব সামহ্যোয়ারইন ব্লগে ‘থাবা বাবা’ নামে নিয়মিত লিখতেন। এ ছাড়া ‘আমার ব্লগ’ নামের একটি ব্লগেও তিনি লিখতেন বলে জানা যায়। শাহবাগের আন্দোলন নিয়েও তিনি ব্লগে সক্রিয় ছিলেন। ঘটনার পরের দিন ১৬ ফেব্রুয়ারি শাহবাগের প্রজন্ম চত্বরে রাজীবের জানাজা অনুষ্ঠিত হয়। ওই জানাজায় লাখো মানুষ অংশ নেয়। ওই সময় ফেসবুকে ফারাবি শাফিউর রহমান নামের এক যুবক রাজীবের জানাজা পরিচালনাকারী ইমামকে হত্যার হুমকি দিয়ে একটি স্ট্যাটাস দেন। এ নিয়ে তখন ফেসবুক ও ব্লগে তীব্র প্রতিক্রিয়া হয়। ফারাবিকে গ্রেপ্তারের দাবি ওঠে। তবে আজ চট্টগ্রামে গ্রেপ্তার হওয়া ফারাবি ইমামকে হত্যার হুমকি প্রদানকারী ব্যক্তি কি না, প্রাথমিকভাবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।