ইমামের বিরুদ্ধে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের নাজির শংকরপুর এলাকার একটি মসজিদের ইমাম আরজ আলী (২৭) আজ সোমবার বিকেলে একই এলাকার আট বছর বয়সী তৃতীয় শ্রেণীতে পড়া এক কন্যাশিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় মহিলারা ওই ইমামকে ঝাঁটাপেটা করেছেন। এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। জনরোষের মুখে মসজিদ কমিটির লোকজন ওই ইমামকে নিরাপত্তার জন্য মসজিদে আটকে রাখেন। বিষয়টি নিয়ে মসজিদ কমিটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে। কিন্তু জনরোষের মুখে সে চেষ্টা ব্যর্থ হয়। একপর্যায়ে লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠলে কমিটির লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেন। মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান জানান, ‘না বোঝার মতো একটি মেয়েকে ইমাম আরজ আলী রেফ (ধর্ষণ) করেছে। ঘটনার পর মহিলারা তাকে ঝাঁটাপেটা করেছে বলে খবর শুনেছি। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি, জনগণ এতটাই উত্তেজিত হয়েছে যে তাকে জনগণের মধ্যে ছেড়ে দিলে তার আর চুলটিও খুঁজে পাওয়া যেত না।’ স্থানীয় শহিদুল ইসলাম জানান, মসজিদের সামনে দিয়ে বিকেলে শিশুটি স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ইমাম তাকে ডেকে মসজিদের পাশে তার থাকার ঘরে নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে ধর্ষণের শিকার শিশুটির মা কোনো কথা বলতে রাজি হননি। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, জনরোষ থেকে ওই ইমামকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে থানায় ধর্ষণের চেষ্টার মামলা হবে বলে তিনি জানান।