ইমারত নির্মাণ প্রতিষ্ঠানের নিবন্ধন অত্যাবশ্যক হচ্ছে কাল থেকে
কোনো ইমারত নির্মাণ প্রতিষ্ঠান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিবন্ধিত না হলে ওই প্রতিষ্ঠানের নির্মাণ প্রকল্পের নকশা (প্ল্যান) অনুমোদন করা হবে না। বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা-২০০৪ অনুযায়ী কাল বৃহস্পতিবার থেকে বিধানটি অত্যাবশ্যক করা হচ্ছে। তবে আগেই যাঁরা বৈধ নকশায় ইমারত নির্মাণ করেছেন, তাঁদের নতুন করে নিবন্ধন করাতে হবে না। রাজউক সূত্রে এই তথ্য পাওয়া যায়।রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশের (রিহ্যাব) সদস্য ছাড়াও যেসব ডেভেলপার অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট ব্যবসার জন্য ইমারত নির্মাণ করবেন, তাঁদের ক্ষেত্রেও নিবন্ধন-প্রক্রিয়া প্রযোজ্য বলে সূত্র জানায়।যোগাযোগ করা হলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ভূমি প্রকল্পের ক্ষেত্রে নিবন্ধনপ্রথা চালু হয়েছে আগেই। ইমারত নির্মাণ প্রতিষ্ঠানেরও নিবন্ধন প্রযোজ্য ছিল। কিন্তু এ ধরনের প্রকল্পে এত দিন নিবন্ধনের বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে। কাল থেকে তা অত্যাবশ্যক করা হচ্ছে। তিনি বলেন, রিহ্যাবের সদস্যদের বেশির ভাগ ইমারত নির্মাণ প্রতিষ্ঠানের নিবন্ধন নেই।রাজউকের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগ থেকে জানানো হয়, রিহ্যাবের সদস্যসংখ্যা ৭২৮ জন হলেও তাঁদের মালিকানাধীন মাত্র আটটি প্রতিষ্ঠানের ইমারত প্রকল্পের নিবন্ধনের জন্য আবেদন জমা আছে।রিহ্যাবের সাবেক সভাপতি তানভীরুল হক এ বিষয়ে বলেন, নিবন্ধনের জন্য এ পর্যন্ত তাঁদের কোনো চিঠি দেওয়া হয়নি। তবে এ সংক্রান্ত অধ্যাদেশটি পাস হওয়ার পরই নিবন্ধনের প্রশ্ন আসে। রাজউক সূত্র অবশ্য জানিয়েছে, রিহ্যাবকে সরাসরি চিঠি দেওয়া না হলেও পত্রিকায় চলতি বছরই তিন দফায় বিজ্ঞপ্তির মাধ্যমে ইমারত নির্মাণ প্রতিষ্ঠানের নিবন্ধনের বিষয়টি জানানো হয়েছে।