ইমারত নির্মাণপ্রতিষ্ঠানের নিবন্ধনের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইমারত নির্মাণপ্রতিষ্ঠান নিবন্ধিত হওয়ার সময় আরও এক মাস বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত ধার্য করা হয়েছে। এ সময়ের মধ্যে কোনো ইমারত নির্মাণপ্রতিষ্ঠান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নিবন্ধিত না হলে ওই প্রতিষ্ঠানের নির্মাণ প্রকল্পের নকশা (প্ল্যান) অনুমোদন করা হবে না। বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা-২০০৪ অনুযায়ী গত ১ জুলাই থেকে বিধানটি অত্যাবশ্যক করা হয়। তখন বলা হয়েছিল, আগেই যাঁরা বৈধ নকশায় ইমারত নির্মাণ করেছেন, তাঁদের নতুন করে নিবন্ধন করাতে হবে না। রাজউক সূত্রে এই তথ্য পাওয়া যায়।সূত্র জানায়, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আবেদনের পরিপ্রেক্ষিতে নিবন্ধিত হওয়ার তারিখ এক মাস বাড়ানো হলো। তবে রিহ্যাব সূত্র জানিয়েছে, আগামী ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছিল। তারা আরও সময় বাড়ানোর আবেদন জানাবে। সদস্য ছাড়াও যেসব ডেভেলপার অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট ব্যবসার জন্য ইমারত নির্মাণ করবে, তাদের ক্ষেত্রেও নিবন্ধন-প্রক্রিয়া প্রযোজ্য বলে সূত্র জানায়।যোগাযোগ করা হলে রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ভূমি প্রকল্পের ক্ষেত্রে নিবন্ধনের প্রথা চালু হয়েছে আগেই। ইমারত নির্মাণপ্রতিষ্ঠানের নিবন্ধনের বিষয় এড়িয়ে যাওয়া হয়েছে। ১ জুলাই থেকে তা অত্যাবশ্যক করা হয়। রাজউকের উন্নয়ন ও পরিকল্পনা বিভাগ থেকে জানানো হয়, রিহ্যাবের সদস্যসংখ্যা ৭২৮ জন হলেও ১ জুলাইয়ের আগে তাদের সদস্যাধীন মাত্র আটটি প্রতিষ্ঠানের ইমারত প্রতিষ্ঠানের নিবন্ধনের জন্য আবেদন জমা পড়েছিল। রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) গত চার মাসে তিন শতাধিক কোম্পানি নিবন্ধন করেছেন। রিহ্যাব সূত্র জানায়, নিবন্ধনের জন্য আগে তাদের কোনো চিঠি দেওয়া হয়নি। তবে এ-সংক্রান্ত অধ্যাদেশটি পাস হওয়ার পরই নিবন্ধনের প্রশ্ন আসে। রাজউক সূত্র অবশ্য জানিয়েছে, রিহ্যাবকে সরাসরি চিঠি দেওয়া না হলেও পত্রিকায় চলতি বছরই তিন দফায় বিজ্ঞপ্তির মাধ্যমে ইমারত নির্মাণপ্রতিষ্ঠানের নিবন্ধনের বিষয়টি জানানো হয়েছিল।