ইমারত নির্মাণে সাধারণের নিরাপত্তা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আকাশ আগ্রাসন’। শব্দগুলো এত দিন আকাশপথে বহিরাক্রমণ অর্থেই ব্যবহূত হতে দেখেছি। কিন্তু দেশের অভ্যন্তরে ‘আকাশ’ থেকে তথা ওপর থেকে বস্তু পড়ে যে দুর্ঘটনাগুলো একে একে ঘটছে, নিরীহ মানুষ যেভাবে হতাহত হচ্ছে, সে ক্ষেত্রে শব্দগুলোর ব্যবহার এই প্রথম শুনতে পেলাম। ২৯ এপ্রিল হাইকোর্ট বিভাগ এক রায়ে নির্দেশ দেন সব অবৈধ বিলবোর্ড অপসারণ করার জন্য। বিগত বছরগুলোতে মাঝেমধ্যেই ‘আকাশ আগ্রাসন’ অর্থাৎ ওপর থেকে বিলবোর্ড পড়ে অনেক দুর্ঘটনা ঘটেছে, বহু জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু সেরূপ দুর্ঘটনা বা হতাহত শুধুই কি অবৈধ বিলবোর্ড পড়া থেকে ঘটে, নাকি বৈধ বিলবোর্ড থেকেও ঘটে? এ প্রশ্নের উত্তর পাওয়াও জরুরি।এ তো গেল বিলবোর্ডের কথা। কিন্তু বিলবোর্ড ছাড়াও অন্য অনেক বস্তু দ্বারা প্রতিনিয়ত ‘আকাশ আগ্রাসন’ ঘটানো হচ্ছে। সেগুলোর ক্ষেত্রে কী হবে? সেগুলোর জন্যও কি আইন ও অধিকারের কথা বলে হাইকোর্ট থেকে ‘জনগণের জীবন ও তাদের সম্পত্তি সুরক্ষা করাই সুপ্রিম ল, সর্বোচ্চ আইন’ এরূপ ঘোষণামূলে প্রতিকারের নির্দেশ নিয়ে আসতে হবে নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কর্তৃত্ব প্রয়োগের ও দায়িত্ব পালনের মাধ্যমে এসবের প্রতিকার করবেন?বিলবোর্ডের মতোই প্রতিনিয়ত দুর্ঘটনা সৃষ্টিকারী আরেকটি ক্ষেত্রের প্রতি আমি এ ক্ষুদ্র পরিসরে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই। ঢাকা সিটিসহ দেশের সব নগর-বন্দরে আজ চারদিকে দেখা যাবে শুধুই বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন নির্মাণের তোড়জোড়। সর্বজনস্বীকৃত মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে খাদ্য ও বস্ত্রের পরই আশ্রয়ের স্থান, সন্দেহ নেই। কিন্তু তাই বলে খাদ্য ও বস্ত্র উৎপাদন করতে গিয়ে যেমন দেশের আইন ও মানুষের অধিকার উপেক্ষা করা যাবে না, তেমনটি যাবে না আবাস নির্মাণ করার ক্ষেত্রেও। কিন্তু দেখা যাচ্ছে, যত জায়গায় বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে, ব্যক্তিমালিকানায় হোক কিংবা কোনো প্রতিষ্ঠানের অধীনে হোক, তত জায়গারই বিল্ডিং কোড অমান্য করে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা হচ্ছে, মানুষের অধিকারে নগ্ন হস্তক্ষেপ করা হচ্ছে। একটি জায়গায়ও এর ব্যতিক্রম আছে কি না, তা জানা গবেষণা-সাপেক্ষ। নিজের অভিজ্ঞতা থেকে উদাহরণ দিয়েই বিষয়টি তুলে ধরছি। আমি দিনের আলোয় পড়ালেখা করার চেষ্টা করি। অতিসম্প্রতি পত্রিকা পড়ছিলাম আমার লাইব্রেরির পাশে বারান্দায় যাওয়ার দরজায় বসে। আমার বাড়ির একেবারে পাশেই, একান্ত সংলগ্ন জায়গার ওপর দেশের এক নামকরা নির্মাণ প্রতিষ্ঠানের ১০ তলা ভবনের নবম তলার নির্মাণকাজ চলছে। আমি প্রথম থেকেই নির্মাণকারীদের বলছিলাম, প্রয়োজনীয় এমন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে, যাতে প্রতিবেশী ও পথচারী কারোর জানমালের ক্ষতি না হয়।আচরি ধর্ম পরেরে শেখাও। যেখানে প্রায় প্রতিটি এলাকায় সচিবালয়ের কোনো না কোনো কর্মকর্তার বসবাস কিংবা কোনো না কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রীর বসবাস কিংবা নিদেনপক্ষে তাঁদের কোনো না কোনো আত্মীয়স্বজনের বসবাস আর তাঁদের প্রতিই যেখানে কোনো ভ্রূক্ষেপ নেই ভবন নির্মাণকারীদের, সেখানে আমার মতো ক্ষুদ্র ব্যক্তির কথা তারা শুনবে কেন। প্রতিবেশী ওই নির্মাণকারীদের বিল্ডিং-কোডপরিপন্থী কার্যকলাপ ও এর ফলে সৃষ্ট ছোট-বড় ঘটনা-দুর্ঘটনার বিরুদ্ধে সেই শুরু থেকেই আমি সোচ্চার ছিলাম। কিন্তু সবই অরণ্যে রোদন। ওই যে কথায় বলে, চোরে না শোনে ধর্মের কাহিনি। অবশেষে নির্মাণাধীন ওই ভবনের ছয়/সাত তলার ঢালাই করা লিঙ্কটেল ও এয়ার কন্ডিশনার বক্স এবং ইটের গাঁথুনি গ্রিল দিয়ে ঘেরা ওই বারান্দার ওপর ও পাশের খালি জায়গায় আমার ওই বসার স্থান থেকে মাত্র এক ফুট দূরে বিকট শব্দে ভেঙে পড়ে। পুরো বাড়িটি কেঁপে ওঠে এবং বাড়ির লোকজন আতঙ্কে চিৎকার করে ওঠে। আমি অল্পের জন্য বেঁচে যাওয়ায় আমার মানসিক অবস্থা কেমন হয়েছিল, তা পাঠক অনুমান করে নিতে পারবেন নিশ্চয়ই। মৌখিকভাবে অভিযোগ করে এত দিন কোনো প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত সবুজবাগ থানার কর্মকর্তাকে ঘটনাটি ফোনে জানাই এবং ভ্রাম্যমাণ দলকে পাঠাতে অনুরোধ করি। ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বয়ং চার-পাঁচজন পুলিশি পোশাক ও সাদা পোশাকের সশস্ত্র কর্মকর্তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে এলেন, সঙ্গে সঙ্গে ওই নির্মাণকারীদের কাজ বন্ধ করার নির্দেশ দেন এবং ওই দিনই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখতে লিখিত নোটিশ দেন।ইমারত নির্মাণে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার সুনির্দিষ্ট বিধানাবলি বাংলাদেশে আগে কখনোই ছিল না। এসব বিধান-সংবলিত ‘বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড’ ইংরেজিতে প্রণীত হয় ১৯৯৩ সালে, যা দেশের প্রথম ও এযাবৎকালের একমাত্র কোড। ২০০৬ সালের ১৫ এপ্রিলের আইনগত বৈধতা ও বাধ্যবাধকতা জারি করা হয় বাংলাদেশ গেজেটে প্রকাশের মাধ্যমে। ১৯৯৩ সালের মূল কোড খুবই সুবিন্যস্ত, সুসম্পাদিত ছিল। ২০০৬ সালে গেজেটে মুদ্রিত একই বিধানাবলিসংবলিত ওই কোডের বিন্যাস খাপছাড়া ও সম্পাদনা রীতিনীতির সম্পূর্ণ পরিপন্থী।লেখক  আইনগবেষক ও গ্রন্থপ্রণেতা