ইয়াবা ব্যবসায়ী আমিন হুদার জামিন বাতিল
পৃথক দুই মামলায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত আমিন হুদার জামিন বাতিল করেছেন আপিল বিভাগ। এক সপ্তাহের মধ্যে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় বিভিন্ন ধারায় আমিন হুদার ৭৯ বছরের কারাদণ্ড হয়। গত বছরের ১৫ জুলাই নিম্ন আদালত এ রায় দেন। তবে একসঙ্গে সাজা হওয়ায় তাঁকে ১৪ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।ওই রায়ের বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিনের আবেদন জানান আমিন হুদা। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ স্বাস্থ্যগত দিক বিবেচনায় তাঁর ছয় মাসের জামিন মঞ্জুর করেন। এই জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ ১০ মার্চ আবেদন করে। আজ শুনানি শেষে আপিল বিভাগ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক মামলা পরিচালনা করেন। আমিন হুদার পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক বলেন, দুই মামলায় হাইকোর্ট যে তাঁর জামিন মঞ্জুর করেছিলেন, তা বাতিল করে আপিল বিভাগ তাঁকে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। যদি তিনি এই নির্দেশ পালনে ব্যর্থ হন, তাহলে তাঁকে গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।আমিন হুদার আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে হাইকোর্টের জামিন আদেশ বাতিল করেছেন।