ইয়েমেনে মন্ত্রিসভা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ গতকাল রোববার তাঁর মন্ত্রিসভা বরখাস্ত করেছেন। সে দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন এ কথা জানিয়েছে।প্রেসিডেন্টের কার্যালয় থেকে গতকাল এক বিবৃতিতে জানানো হয়, সালেহ তাঁর মন্ত্রিসভাকে বরখাস্ত করেছেন। তবে নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত তিনি বর্তমান মন্ত্রিসভাকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।প্রেসিডেন্ট সালেহর ৩২ বছরের শাসন অবসান ও রাজনৈতিক সংস্কারের দাবিতে মাসব্যাপী সরকারবিরোধী বিক্ষোভের মুখে মন্ত্রিসভা বরখাস্তের এ পদক্ষেপ এল। অবশ্য এর আগে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গত শুক্রবারের নৃশংস হামলার প্রতিবাদে তিনজন মন্ত্রী পদত্যাগ করেন। এ ছাড়া সহিংস হামলার প্রতিবাদে ওয়াশিংটনে ইয়েমেনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-সাইদি গতকাল পদত্যাগ করেন। ওই হামলায় অন্তত ৫২ বিক্ষোভকারী নিহত হয়েছিল।