ইয়েমেনে মিছিলে গুলি, নিহত ২৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের রাজধানী সানায় গতকাল রোববার প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ-বিরোধী বিক্ষোভ মিছিলে নিরাপত্তাবাহিনীর গুলিতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক শ মানুষ। আজ সোমবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রয়েছে।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল গভীর রাত পর্যন্ত গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। হাজার হাজার বিক্ষোভকারীকে নিয়ন্ত্রণ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিভিন্ন ভবন থেকে গুলি, জলকামান ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। পাল্টা জবাবে বিক্ষোভকারীরা নিরাপত্তা কর্মীদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ও পেট্রলবোমা ছুড়ে মারে।সানার চিকিত্সক জামাল আল হামদানি বলেন, গত তিন মাসের মধ্যে এটি ছিল সবচেয়ে খারাপ দিন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন। গতকালের গুলিবিদ্ধ বেশ কয়েকজনের চিকিত্সা করেন তিনি।চিকিত্সকেরা জানান, গতকাল ৩৪২ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে ৩৬ জনের অবস্থা আশঙ্কাজনক।প্রেসিডেন্ট সালেহর ৩৩ বছরের শাসন অবসানের দাবিতে আট মাস ধরে ইয়েমেনে আন্দোলন করছে বিক্ষোভকারীরা।