ইরাক-আফগান যুদ্ধকে অপচয় মনে করেন মার্কিন সেনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক ও আফগান যুদ্ধফেরত প্রতি তিনজনের একজন মার্কিন সেনাসদস্য মনে করেন, এই যুদ্ধ অপচয় ছাড়া আর কিছুই নয়। তাঁরা বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত, আন্তর্জাতিক বিষয়ের দিকে নজর কম দিয়ে অভ্যন্তরীণ বিষয়ে গুরুত্ব দেওয়া। পিউ রিসার্চ সেন্টার পরিচালিত ওই জনমত জরিপ গতকাল বুধবার প্রকাশ করা হয়।টাইম অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ইরাকে এ পর্যন্ত সাড়ে চার হাজার এবং আফগানিস্তানে এক হাজার ৭০০ মার্কিন সেনাসদস্যের প্রাণহানি হয়েছে। ২০১১ সালের পর এই দুই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট খরচ এক ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।জরিপে দেখা যায়, ৯/১১-পরবর্তী যুদ্ধে লড়ে এসব মার্কিন সেনাসদস্য গর্বিত হলেও মার্কিন সাধারণ জনগণ তাদের কঠিন দায়িত্ব পালন সম্পর্কে সামান্যই ধারণা পোষণ করে বলে তাঁরা মনে করেন।জরিপে দেখা যায়, যুদ্ধফেরত এসব সেনাসদস্য আর ১০ জন মার্কিনের মতোই নিজেদের রিপাবলিকান বলে পরিচয় দিতে দ্বিধা করছেন না। তাঁরা কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্টে বারাক ওবামার ভূমিকারও সমালোচনা করেন।গত জুলাইয়ের শেষ দিকে এবং সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে জরিপটি করা হয়। প্রথমবার এক হাজার ৮৫৩ এবং দ্বিতীয় দফায় দুই হাজার তিনজনের ওপর ওই জরিপ করা হয়।জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক সেনাসদস্যই বলেন, ৯/১১-পরবর্তী যুদ্ধক্ষেত্রে যাওয়ার ফলে তাঁদের স্ত্রী ও সন্তানদের সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে। ৬০ শতাংশ বলেন, যুদ্ধক্ষেত্রে যাওয়ার কারণে তাঁদের পরিবার আর্থিকভাবে লাভবান হয়েছে। যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা সম্পর্কে এককথায় মন্তব্য করতে বললে কেউ কেউ একে ‘পুরস্কার’, কেউ ‘দুঃস্বপ্ন’ বা ‘বাজে’ বলে মন্তব্য করেছেন।