ইরাক ছাড়ল অবশিষ্ট মার্কিন সেনারা
ইরাকে অবস্থানরত অবশিষ্ট সব মার্কিন যুদ্ধ সেনারা আজ রোববার সকালে সে দেশ ছেড়েছে। সীমান্ত অতিক্রম করে আজ তারা কুয়েতে গেছে বলে বিবিসি অনলাইন জানিয়েছে।এর মধ্য দিয়ে ইরাকে প্রায় নয় বছরের মার্কিন সেনা উপস্থিতির অবসান হলো। প্রায় শতাধিক সামরিক যানে করে ৫০০ সেনার সর্বশেষ দলটি আজ রোববার সকালে কুয়েত সীমান্ত অতিক্রম করেছে।কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল মালিকির সঙ্গে বৈঠকে ইরাক অভিযানের সমাপ্তি টানার আনুষ্ঠানিক ঘোষণা দেন। প্রেসিডেন্ট ওবামার ওই ঘোষণার পর আজ রোববার অবশিষ্ট মার্কিন যুদ্ধ সেনারা ইরাক ত্যাগ করল। ২০০৩ সালের মার্চে ইঙ্গ-মার্কিনদের নেতৃত্বে ইরাক যুদ্ধ শুরু হয়। ইরাক যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত প্রায় চার হাজার ৫০০ মার্কিন সেনা নিহত এবং ৩২ হাজার মার্কিন সেনা আহত হয়েছে। এ ছাড়া এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলার ব্যয় হয়েছে। ইরাকের পাঁচ শতাধিক ঘাঁটিতে সর্বোচ্চ এক লাখ ৭০ হাজার মার্কিন সেনা নিয়োজিত ছিল। এখন ইরাকের মার্কিন দূতাবাসে কেবল ১৫৮ জন সেনা নিরাপত্তার দায়িত্বে থাকবে।