ইরাক যুদ্ধ ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুল: অলব্রাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট বলেছেন, ‘ইরাকে যুদ্ধ করতে যাওয়া ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুল।’ আজ মঙ্গলবার ভারতে ইয়াং ইন্ডিয়া ফেলোশিপ পাওয়া ছাত্রদের সঙ্গে আলাপচারিতার সময় এক অনুষ্ঠানে অলব্রাইট এসব কথা বলেন।মেডেলিন বলেন, ‘১১ সেপ্টেম্বরের হামলার সরাসরি জবাব হিসেবে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে হামলা করে। কিন্তু আমাদের সবচেয়ে বড় ভুল হলো ইরাকে হামলা করা। এর ক্ষত আজও আমাদের বয়ে বেড়াতে হচ্ছে।’ প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী অলব্রাইট আরও বলেন, যদি নেতারা কোনো দেশের জনগণের অধিকারকে নাকচ করেন, ভিন্ন দেশ দখল করে সে দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করেন, তবে আন্তর্জাতিক মহলের উচিত সে ক্ষেত্রে নিজ দায়িত্ব পালন করা।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, এ বছরের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে রিপাবলিকানদের জয়ের সম্ভাবনা কতটুকু, এমন প্রশ্নের জবাবে অলব্রাইট বলেন, তিনি এবার প্রেসিডেন্ট ওবামাকে পুনর্নির্বাচিত করার জন্য কাজ করবেন। তবে তিনি এ কথাও বলেন, ‘যেকোনো গণতান্ত্রিক ব্যবস্থার নিজেকে শুধরে নেওয়ার ক্ষমতা আছে।’ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভকারী অলব্রাইট বলেন, শিক্ষাজীবনে তিনি কখনো ভাবেননি, তিনি যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হবেন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের কোনো পূর্বপরিকল্পনা নিয়ে পরিচালিত হতে নিষেধ করেন। আমার পরামর্শ হলো, ‘কাজ করে যাও আর যা করছ সেটাকে ভালোবাসো।’অনুষ্ঠানে অলব্রাইট আন্তর্জাতিক রাজনীতি থেকে শুরু করে পেশা নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। মার্কিন রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে এবং একজন নারী হয়ে তিনি পেশাগত জীবনে কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন তা-ও আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত নারীদের তিনি বিভিন্ন বিষয়ে পরামর্শও দেন।অলব্রাইট আরও বলেন, ‘প্রায়ই দেখা যায় সাদামাটা কোনো পুরুষ চাকরি ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছেন, অথচ নারীরা খুব বেশি দক্ষ না হলে এগোতে পারছেন না। আমি মনে করি, এই ব্যবস্থার মধ্যে কীভাবে কাজ করতে হয় তা মেয়েদের জানতে হবে। যখনই তাদের মাথায় কোনো বুদ্ধি আসবে, তখনই সেটাকে কাজে লাগাতে হবে। সবচেয়ে ভালো বুদ্ধিটা কবে আসবে তার জন্য অপেক্ষা করা চলবে না।’ কর্মক্ষেত্রের পুরুষতান্ত্রিক পরিবেশে কাজ করতে গিয়ে নারীদের মাথা ঠান্ডা রাখারও পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ‘মাথা গরম করে কোনো কাজ হয় না।’