ইরাক যুদ্ধ নিয়ে বাইডেন ও চেনির বাকযুদ্ধ
ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তাঁর পূর্বসূরিরা নিজের মতো করে ইতিহাস লেখার চেষ্টা করছেন। অপরদিকে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বলেছেন, ইরাক ও আল-কায়দা বিষয়ে প্রশাসনের দৃষ্টিভঙ্গি ভুল। গতকাল রোববার টেলিভিশনের পৃথক অনুষ্ঠানে জমে উঠেছিল সাবেক ও বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্টের বিতর্ক। এনবিসি টিভির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জো বাইডেন। আর সিবিএস টিভির ‘ফেস দ্য ন্যাশন’ ও এনবিসি টিভির ‘দিস উইক’ অনুষ্ঠানে জাতীয় নিরাপত্তা নিয়ে ওবামা প্রশাসনের সমালোচনা করলেন ডিক চেনি। সাবেক ভাইস প্রেসিডেন্ট চেনি ওবামা প্রশাসনের প্রকাশ্য সমালোচনা করে আসছেন গোড়া থেকেই। দিস উইক অনুষ্ঠানে তিনি বলেন, প্রেসিডেন্ট ওবামা এমনভাব করছেন, যেন যুক্তরাষ্ট্র জঙ্গিবাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত নয়। এমন মনোভাব দেশের জনগণের নিরাপত্তার জন্য হুমকির কারণ বলে তিনি মনে করেন। গুয়ান্তানামো বে কারাগার বন্ধ করে দেওয়ার সমালোচনা করে ডিক চেনি বলেন, জনগণের নিরাপত্তা নিয়ে প্রশাসনের সিদ্ধান্ত একেবারে ভুল। অবশ্য তিনি আফগানিস্তান বিষয়ে প্রেসিডেন্ট ওবামার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান। জাতীয় নিরাপত্তা নিয়ে ওবামা প্রশাসনের উদাসীনতার সমালোচনা করে ডিক চেনি বলেন, নাইন ইলেভেনের মতো যুক্তরাষ্ট্রে আবার হামলা হতে পারে। তিনি মনে করেন, আল-কায়দাসহ জঙ্গি গোষ্ঠীগুলো এখনো সক্রিয়। তারা যেকোনো সময় আবারও হামলা করতে পারে। সাবেক ভাইস প্রেসিডেন্টের কড়া সব সমালোচনার জবাব দিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন তাঁর টিভি সাক্ষাত্কারে বলেন, চেনি নিজের মনোভাব পোষণের অধিকার রাখেন। তিনি আরও বলেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট নিজের মতো করে, নতুন করে ইতিহাস রচনার প্রয়াস নিয়েছেন। জো বাইডেন বলেন, বুশ প্রশাসনের সময়ও জঙ্গিদের বিচার করা হয়েছে বেসামরিক আদালতে। তিনি এ ব্যাপারে ‘জুতা বোমা’খ্যাত মার্কিন জঙ্গি রিচার্ড রিডের বিচারের উদাহরণ দেন। জো বাইডেন প্রশ্ন রাখেন, ডিক চেনি সে সময় কোথায় ছিলেন? উল্লেখ্য, সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের দুই মেয়াদে মোট আট বছর ভাইস প্রেসিডেন্ট ছিলেন ডিক চেনি।তবে জঙ্গিবাদের বিরুদ্ধে অতীতের যেকোনো সময়ের চেয়ে মার্কিন অভিযান এখন জোরালো বলে উল্লেখ করেন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।