ইরাক যুদ্ধ নিয়ে সমালোচনা এড়াতে জনসম্মুখে আসছেন ব্রাউন
ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন ইরাক যুদ্ধে ব্রিটেনের ভূমিকা সম্পর্কে তাঁর অবস্থান পরিষ্কার করতে আজ শুক্রবার জনসম্মুখে আসবেন।গত জানুয়ারি মাসে একই ইস্যুতে টনি ব্লেয়ার জনসম্মুখে ব্যাপকভাবে সমালোচিত হন। ব্লেয়ারের পরে ইরাক যুদ্ধের ব্যাপারে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন ব্রাউন। ২০০৩ সালে দেশটিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনা অভিযানের সময় ব্রাউন চ্যান্সেলর হিসেবে কাজ করেছিলেন। ইরাকে সেনা অভিযানে নিহত ১৭৯ ব্রিটিশ সেনাদের আত্মীয়স্বজনেরা রয়টার্সকে অভিযোগ করেন, সেনা অভিযানে নেতৃত্ব দেওয়ার ব্যর্থতার কারণেই মৃত্যুর সংখ্যা বেড়েছে। এদিকে আফগানিস্তানে ব্রিটেনের ১০ হাজারেরও বেশি সেনা মোতায়েন আছে। লন্ডনে যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা ব্রাউনের বিরুদ্ধে সম্প্রতি বিক্ষোভ করেন। তারা ইরাক যুদ্ধের ব্যয়সংক্রান্ত আট দশমিক পাঁচ বিলিয়ন তহবিলে সই করার জন্য ব্রাউনের সমালোচনা করে। তবে ব্রিস্টল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মার্ক উইকহ্যাম জোনস বলেন, ‘আমরা মনে করি না যে ইরাক যুদ্ধ নিয়ে ব্রাউন বড় ধরনের সমস্যায় পড়বে।’