ইরাক যুদ্ধ নিয়ে হুঁশিয়ারি গায়ে মাখেননি ব্লেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার জানিয়েছেন, ইরাকে সামরিক অভিযান চালানো পরে আইনবিরুদ্ধ ঘোষণা করা হতে পারে—এমন সতর্কবার্তা গায়ে মাখেননি তিনি। গতকাল শুক্রবার চিলকট কমিশনের সামনে দ্বিতীয়বারের মতো জবাবদিহি করতে গিয়ে এ কথা জানান ব্লেয়ার।২০০৩ সালের মার্কিন নেতৃত্বাধীন বিতর্কিত ইরাক অভিযান নিয়ে বিভিন্ন অভিযোগের জবাব খুঁজতে বিগত প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সরকার চিলকট কমিশন গঠন করেছিল।কমিশনকে লিখিত বিবৃতিতে ব্লেয়ার জানান, তৎকালীন অ্যাটর্নি জেনারেল লর্ড গোল্ডস্মিথ তাঁকে ইরাকে সামরিক অভিযান বিষয়ে সতর্ক করে বলেছিলেন, এ জন্য জাতিসংঘের আরও বেশি সমর্থন দরকার। কারণ বিশ্বসংস্থার সমর্থন ছিল সাময়িক।এর আগে গত বছরের জানুয়ারিতে প্রথমবার ইরাক যুদ্ধ নিয়ে কমিশনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন ব্লেয়ার। ওই যুদ্ধে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে ‘ঢালাও’ সমর্থন দেওয়ার কারণে স্বদেশে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন তিনি।জানা গেছে, ইরাক যুদ্ধ নিয়ে লেখা একটি বার্তায় জর্জ ডব্লিউ বুশকে আগেই ভরসা দিয়েছিলেন ব্লেয়ার।২০০৩ সালের ১৪ জানুয়ারি ছয় পৃষ্ঠার একটি আইনি পরামর্শ প্রতিবেদনে লর্ড গোল্ডস্মিথ তৎকালীন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৪৪১ নম্বর প্রস্তাব ইরাকের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের সিদ্ধান্তকে আইনি বৈধতা দেওয়ার জন্য যথেষ্ট নয়। ওই প্রস্তাবে ঘোষণা করা হয়, ইরাক নিরস্ত্রীকরণবিষয়ক শর্ত ভঙ্গ করেছে।কমিশনকে টনি ব্লেয়ার বলেন, ‘আইনি বৈধতা নিয়ে লর্ড গোল্ডস্মিথের সতর্কবাণীর পরও ইরাকে সামরিক অভিযান চালানোর জন্য আরেকটি প্রস্তাবের দরকার নেই—এই অবস্থানই ধরে রাখি আমি। আমি আশা করছিলাম, গোল্ডস্মিথের অবস্থানের পরিবর্তন হবে।’ তবে এ ব্যাপারে সাবেক ওই অ্যাটর্নি জেনারেলের ওপর কোনো চাপ প্রয়োগ করার কথা অস্বীকার করেন সাবেক প্রধানমন্ত্রী। ব্লেয়ার বলেন, আইনি বিষয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও সাদ্দাম হোসেনকে নিরস্ত্র করার ব্যাপারে তিনি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।এর আগে চিলকট কমিশনের কাছে লর্ড গোল্ডস্মিথ বলেছেন, পার্লামেন্টে ইরাক অভিযান নিয়ে ব্লেয়ারের বক্তব্যে তিনি ‘অস্বস্তিবোধ’ করেছেন। ওই সময় ব্লেয়ার বলেছিলেন, জাতিসংঘের অনুমোদন ছাড়াও ইরাকে হামলা করা যেতে পারে।গতকাল কমিশনের সামনে ব্লেয়ার আরও দাবি করেন, ইরাকে অভিযান চালানোর ব্যাপারে তৎকালীন মন্ত্রিসভার সদস্যরা অবহিত ছিলেন। তবে মন্ত্রিসভার সদস্যদের কখন কতটা বিস্তারিতভাবে জানিয়েছিলেন, তা উল্লেখ করেননি ব্লেয়ার। তিনি এও স্বীকার করেন, ইরাক যুদ্ধে ব্রিটেনের অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ মন্ত্রিসভার সামনে রাখেননি তিনি।শুক্রবার স্থানীয় সময় সকালে লন্ডনের রানি দ্বিতীয় এলিজাবেথ সম্মেলন কেন্দ্রে চিলকট কমিশনের মুখোমুখি হন টনি ব্লেয়ার। এ সময় প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকা একদল বিক্ষোভকারী তাঁর বিরুদ্ধে স্লোগান দেয়। চার ঘণ্টার বেশি সময় ধরে দ্বিতীয় এই শুনানি চলে। এ বছরের শেষ দিকে কমিশনের প্রতিবেদন প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।গত বুধবার ব্রিটিশ পার্লামেন্টের প্রশ্নোত্তর পর্বে ইরাক যুদ্ধ বিষয়ে জর্জ ডব্লিউ বুশকে লেখা গোপন চিঠি জনসমক্ষে প্রকাশের জন্য সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ওপর চাপ সৃষ্টি করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।এদিকে সাবেক এমপি জর্জ গ্যালাওয়ে বলেছেন, টনি ব্লেয়ারের যুদ্ধাপরাধ আদালতের মুখোমুখি হওয়া উচিত। গত বৃহস্পতিবার বিবিসির একটি অনুষ্ঠানে গ্যালাওয়ে বলেন, তিনি সেই দিনটির অপেক্ষায় রয়েছেন, যেদিন টনি ব্লেয়ার আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের বিচারের সম্মুখীন হবেন।১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন টনি ব্লেয়ার। তাঁর প্রধানমন্ত্রিত্বের সময়েই ইরাক যুদ্ধে ৪০ হাজার সেনা পাঠায় ব্রিটেন। সাদ্দাম হোসেনকে উৎখাতের পর কোনো গণবিধ্বংসী অস্ত্র না পাওয়ায় সমালোচিত হলেও ব্লেয়ার বারবার বলেছেন, তিনি এখনো মনে করেন, ওই অভিযান সঠিক ছিল। বিবিসি, এএফপি, রয়টার্স ও গার্ডিয়ান অনলাইন।