ইরাক যুদ্ধ শেষ: ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরাক থেকে পদাতিক মার্কিন সেনা প্রত্যাহার করার মধ্য দিয়ে দেশটিতে সাত বছর ধরে চলা যুদ্ধের অবসান হয়েছে। এখন ইরাকিরা নিজেদের মতো করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে পারবে। মার্থাস ভেনইয়ার্ড দ্বীপে ১০ দিনের অবকাশ যাপন শেষ হওয়ার আগের দিন গতকাল শনিবার রেডিও ও ইন্টারনেট ভাষণে ওবামা এ কথা বলেন। তিনি বলেন, ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তার বাস্তব প্রতিফলন ঘটতে চলেছে আগামী মঙ্গলবার। এদিন ইরাক থেকে যুক্তরাষ্ট্রের পদাতিক বাহিনী প্রত্যাহার করে নেওয়া শুরু হবে।প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আগামী কয়েক মাসে আমাদের সেনারা ইরাকি সেনাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা দেবে। এর পাশাপাশি তারা সন্ত্রাসবাদ মোকাবিলায় ইরাকিদের প্রয়োজনীয় সহায়তা দেবে।’ তিনি বক্তব্যের একপর্যায়ে বলেন, ‘মূল কথা হচ্ছে, ইরাকে যুদ্ধ শেষ হয়েছে। ইরাকিরা এখন নিজেদের মতো করে কাজের তালিকা তৈরি করতে পারবে। আগামী বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের সব সেনা দেশে ফিরে আসবে। আমি প্রেসিডেন্ট হওয়ার আগে ইরাকে যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি কথা রেখেছি।’