ইরাকে হামলা যৌক্তিক ছিল দাবি করে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে নিউইয়র্কে সন্ত্রাসী হামলার ঘটনা সাদ্দাম হোসেনকে নিয়ে ঝুঁকির সব হিসাব-নিকাশ নাটকীয়ভাবে পাল্টে দিয়েছিল। তিনি বলেন, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ধারণা হয়েছিল, নিউইয়র্কে সন্ত্রাসী হামলায় যে তিন হাজার মানুষ নিহত হয়েছিল, তারা তার চেয়েও বেশি মারতে সক্ষম। নাইন-ইলেভেন ইরাক যুদ্ধের ক্ষেত্র তৈরি করেছিল। পাল্টে দিয়েছিল ব্রিটেনের ভাবনা।সাদ্দাম হোসেনকে বরাবরই হুমকি মনে করতেন ব্লেয়ার। তিনি বলেন, ‘সাদ্দাম হোসেন বরাবরই একটি হুমকি হিসেবে ছিলেন। সে জন্য ব্রিটেন ও যুক্তরাষ্ট্রকে সব সময়ই প্রস্তুত থাকতে হয়েছে।’ ব্লেয়ার আরও বলেন, ‘সাদ্দাম হোসেন ছিলেন একজন দানব এবং আমি মনে করি তিনি শুধু ওই অঞ্চলের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই ছিলেন হুমকি।’গতকাল শুক্রবার ইরাক যুদ্ধ বিষয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে ব্রিটিশ তদন্ত কমিশনের জেরার মুখে টনি ব্লেয়ার এভাবে মার্কিন বাহিনীর নেতৃত্বে ইরাকে হামলার সমর্থনে নিজের এ যুক্তি তুলে ধরেন। কমিশনের প্রশ্নের জবাব দিতে ব্লেয়ার লন্ডন সম্মেলন কেন্দ্রে উপস্থিত হন। ইরাক যুদ্ধে ব্রিটেনের যোগদানের সিদ্ধান্তের নেপথ্যের ঘটনা অনুসন্ধানে গত বছর প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এ তদন্ত কমিশন গঠন করেন। আল-কায়েদার সঙ্গে ইরাকের সংযোগ থাকার মার্কিন দাবির সঙ্গে তিনি একমত নন। তবে তাঁর আশঙ্কা ছিল, কোনো একসময় এ দুটো হুমকি এক হয়ে যেতে পারে। খবর আল-জাজিরা, এপি ও বিবিসি অনলাইনের।গতকাল ছয় ঘণ্টার এ প্রশ্নোত্তর পর্বের জেরার জবাবে ব্লেয়ার বলেন, ‘একটি স্বচ্ছ ও জোরালো বার্তা দেওয়াই ছিল আমার প্রাথমিক বিবেচনা। কোনো গণবিধ্বংসী অস্ত্র থাকলে তা শেষ করা দরকার।’ ১১ সেপ্টেম্বরের হামলার পর পরমাণু ও রাসায়নিক অস্ত্রের হুমকি নতুন মাত্রা পায়। এ অবস্থায় ইরাকের গণবিধ্বংসী মারণাস্ত্র কর্মসূচি নতুন করে শুরু করতে দেওয়ার কোনো অবকাশ ছিল না। সাদ্দাম হোসেন আগে তাঁর নিজ দেশের মানুষের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছেন। তাঁর ভাষায়, ‘এমন কোনো রাষ্ট্র যখন রাসায়নিক ও পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকারী হয় এবং সন্ত্রাসীদের লালন করে, তখন তা অনেক বড় হুমকি হয়ে ওঠে। তা ছাড়া এসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে চলে যাওয়ারও ঝুঁকি ছিল।’কিন্তু ইরাকের চেয়ে ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়ার হুমকি আরও বেশি হলেও কেন ইরাকে হামলা হলো—এমন প্রশ্নের জবাবে ব্লেয়ার বলেন, গণবিধ্বংসী অস্ত্রের বিষয়ে ইরান তার অবস্থান পরিবর্তন করেছে। ২০০৩ সালের দিকে লিবিয়া গণবিধ্বংসী অস্ত্রের কর্মসূচিও ত্যাগ করেছে। কিন্তু ইরাকের ক্ষেত্রে তা হয়নি।তত্কালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে গোপন সমঝোতার বিষয়টি জোরের সঙ্গে নাকচ করে ব্লেয়ার বলেন, কোনো শর্ত ছাড়াই মার্কিন নেতৃত্বাধীন ইরাক যুদ্ধে সমর্থন দেওয়া হয়েছিল।২০০৩ সালে ইরাকে ৪৫ হাজার ব্রিটিশ সেনা পাঠানোর সিদ্ধান্তটি ছিল ব্লেয়ারের ১০ বছরের প্রধানমন্ত্রিত্বের মেয়াদে সবচেয়ে বিতর্কিত। সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার সাত বছর এবং গর্ডন ব্রাউনের কাছে ক্ষমতা হস্তান্তরের তিন বছর পরও বিষয়টি নিয়ে ব্লেয়ারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ এখনো কমেনি। গতকাল শত শত বিক্ষোভকারী লন্ডন সম্মেলন সেন্টারের বাইরে সমবেত হয়। তারা টনি ব্লেয়ারকে যুদ্ধাপরাধী উল্লেখ করে স্লোগান দেয়।