ইরাক যুদ্ধে ঝরে গেছে এক লাখ ৬২ হাজার প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রায় নয় বছরের ইরাক যুদ্ধে এক লাখ ৬২ হাজার লোক নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ইরাক বডি কোর্ট (আইবিসি) নামের একটি বেসরকারি সংস্থা গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। পশ্চিমা একটি সংবাদ সংস্থা এ তথ্য প্রকাশ করেছে। ২০০৩ সালের ২০ মার্চ ইরাক যুদ্ধ শুরু হয়। তখন থেকে ২০১১ সালের ১৮ ডিসেম্বর ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত যেসব প্রাণহানির ঘটনা ঘটেছে, তাও এ হিসাবের অন্তর্ভুক্ত। আইবিসির হিসাবে, প্রাণহানির এ পরিসংখ্যানের মধ্যে ৭৯ শতাংশই বেসামরিক লোক। বাকি নিহতদের মধ্যে রয়েছে মার্কিন সেনা, ইরাকি সেনা ও পুলিশ এবং হামলাকারী। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, ইরাকে এখনো সহিংসতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।আইবিসির এই নতুন তথ্য এটাই প্রমাণ করে, ইরাক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। দেশটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের পরও সেখানকার পরিস্থিতি ভালো হবে কি না, তা সময়ই বলে দেবে। আইবিসির হিসাবে ইরাক যুদ্ধে চার হাজার ৪৭৪ জন মার্কিন সেনা নিহত হয়েছে।