ইরাক যুদ্ধে বাধা দিতে পারতেন ব্লেয়ার
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান বলেছেন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারই ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে ২০০৩ সালে ইরাক যুদ্ধ থেকে বিরত রাখতে পারতেন। ‘টাইমস অব ইন্ডিয়া’র এক খবরে আজ এ কথা বলা হয়।যুক্তরাজ্যের দৈনিক ‘দ্য টাইমস’কে দেওয়া সাক্ষাত্কারে আনান বলেন, দুই দেশ ও দুজনের মধ্যে বিশেষ সম্পর্কের কারণেই বুশকে যুদ্ধ থেকে বিরত রাখতে পারতেন ব্লেয়ার। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে দ্বিতীয় দফা প্রস্তাব উত্থাপন করতে পারলে হয়তো ইরাক যুদ্ধ হতো না। এতে ভূমিকা রাখতে পারতেন ব্লেয়ার। সাক্ষাত্কারটি ‘দ্য টাইমস’-এর আজকের সংখ্যায় প্রকাশিত হয়েছে।যুদ্ধের আগে ২০০২ সালে ইরাককে নিরস্ত্রীকরণের সর্বশেষ সুযোগ দিয়ে জাতিসংঘে সর্বসম্মতিতে প্রথম প্রস্তাবটি উত্থাপন করা হয়। ২০০৩ সালে সাদ্দাম সরকারের বিরুদ্ধে দ্বিতীয় দফা প্রস্তাব পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও স্পেন। তবে ওই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দেওয়া হবে, এমন চিন্তা করে প্রস্তাবটি উত্থাপন করা হয়নি। ফলে ২০০৩ সালের ২০ মার্চ ইরাকে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র।