ইরাক-যুদ্ধের জন্য অনুতাপ নেই ব্লেয়ারের
ইরাকে ২০০৩ সালের আগ্রাসনের ঘটনায় মোটেও অনুতপ্ত নন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। দেশটিতে হামলার দশম বার্ষিকীর আগে আজ মঙ্গলবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন তিনি।ব্লেয়ার বলেন, ইরাকি জনগণ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিদ্রোহ করত। সে বিদ্রোহের ফলে দেশটির অবস্থা সিরিয়ার চেয়েও খারাপ হতে পারত। সিরিয়ায় আক্রমণের ব্যাপারে সিদ্ধান্ত না নিলে পশ্চিমাদের চরম মূল্য দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কয়েকটি মিত্র দেশ মিলে ২০০৩ সালের ২০ মার্চ ইরাকে হামলা চালায়। ২০০৯ সালে ইরাক থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহারের আগে নারীসহ সে দেশের ১৭৯ জন সেনা নিহত হন, যাঁদের ১৩৬ জনই যুদ্ধে নিহত হয়েছেন।ব্লেয়ার বলেন, ইরাকে যদি সেনা হামলা না চালানো হতো, তবে নিঃসন্দেহে কোনো আন্দোলনের মাধ্যমে তাঁকে (সাদ্দাম) উত্খাত করা হতো। তখন ইরাকে সিরিয়ার মতো অবস্থা সৃষ্টি হতো। তিনি বলেন, ইরাকে প্রাণহানির জন্য তিনি ব্যথিত। তবে সাদ্দামকে উত্খাতের সিদ্ধান্তের ব্যাপারে তাঁর কোনো অনুতাপ নেই।ব্লেয়ার বলেন, ‘সাদ্দাম হোসেন নিজ জনগণের বিরুদ্ধে রাসায়নিক বোমা ব্যবহার করেছেন। তাই লোকজন তাঁকে (সাদ্দাম) উত্খাতের কারণে আমার কোনো দুঃখ আছে কি না, জিজ্ঞেস করলে আমি বলি, নেই।’ তিনি আরও বলেন, একজন অপদেবতাকে উত্খাতে কারও দুঃখ থাকার কথা নয়। তিনি (সাদ্দাম) নিজ জনগণের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছেন। একই সঙ্গে ওই অঞ্চলের প্রচুর মানুষকে হত্যা করেছেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, তিনি খুব ভালোভাবে বুঝেছিলেন, সাদ্দাম তাঁদের জন্য হুমকির কারণ হবেন।