ইরাক রক্ষায় যা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর প্রতিশ্রুতি রেখেছেন। গত বছর বড় দিনের আগেই ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নিয়েছেন তিনি। কিন্তু ইরাক থেকে যুক্তরাষ্ট্রের দ্রুত প্রস্থানে নতুন বিপদে পড়েছে দেশটি। সেখানে বিদ্যমান গোষ্ঠীগত বিভেদ চরম আকার ধারণ করেছে। ফলে হুমকির মুখে পড়েছে ইরাকের গণতন্ত্র।যারা ইরাক থেকে যুক্তরাষ্ট্রের দ্রুত প্রস্থান নিয়ে বেশ চিন্তিত, তাদেরকে মার্কিন প্রেসিডেন্ট অভয় দিয়ে বলেছেন, একসময় যে ইরাকে রক্তনদী বইত, এখন সেখানে তা আর হবে না। ইরাকে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নূরি আল মালিকির নেতৃত্বে একটি জোট সরকার গঠিত হয়েছে। ইরাকের প্রাচুর্যপূর্ণ তেল রপ্তানি খাত আবারও জেগে উঠছে। তারা এখন সার্বভৌম রাষ্ট্র। ইরাকিদের এখন কেবল গণতন্ত্র ও অগ্রগতির দিকে যাওয়ার সময়।ইরাকের স্থিতিশীলতা ও শান্তির স্বার্থে সেখানে আরও দু-এক বছর মার্কিন সেনা রাখতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। তা ছাড়া দেশটির গণতন্ত্র এখনো দাঁড়াতেই পারেনি। এ অবস্থায় ইরাক থেকে যুক্তরাষ্ট্রের প্রস্থান দেশটিকে কঠিন বিপদে ফেলেছে। গোষ্ঠীগত বিভক্তি আর ক্ষমতার ভাগাভাগির প্রশ্নে সংঘাতের তীর্থভূমিতে পরিণত হয়েছে ইরাক। এ পরিস্থিতিতে কেউ কেউ দেশটিতে গৃহযুদ্ধেরও আশঙ্কা করছেন। এটা সত্য যে ইরাকিদের ভবিষ্যত্ তাদের নিজেদেরই গড়তে হবে। তবে বিগত কয়েক বছরে তাদের কার্যক্রম লক্ষ্য করলে দেখা যায়, একটি ঐক্যবদ্ধ ইরাক গড়তে তারা ব্যর্থ হয়েছে। এখন ইরাকের অবস্থা আফগানিস্তানের মতোই বিপজ্জনক। সেখানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা বেশ সক্রিয়। এর সঙ্গে জাতিগত বিভেদ তো আছেই। সব মিলিয়ে দেশটিতে প্রতিদিনই ঘটছে আত্মঘাতী হামলার ঘটনা। ঝরছে নিরীহ মানুষের রক্ত।ইরাকের বাগদাদ, বসরা ও মসুলের মতো বৃহত্ শহরের নিরাপত্তাব্যবস্থা খুবই নাজুক। এমন একটি দেশে বিদেশি বিনিয়োগ প্রত্যাশা করাটা কঠিন। তবে এ মুহূর্তে ইরাকের জন্য সবচেয়ে বড় বিপদের নাম গোষ্ঠীগত বিভেদ। ইরাকের মোট জনসংখ্যার ৬০ শতাংশ শিয়া আরব, ২০ শতাংশ সুন্নি আরব এবং বাকি ২০ শতাংশ কুর্দি। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নূরি আল মালিকিও শিয়া অনুসারী। সুন্নিদের প্রতি তাঁর আচরণ অগণতান্ত্রিক ও প্রতিহিংসাপরায়ণ। যুক্তরাষ্ট্র ইরাক ত্যাগ করার পরপরই দেশটির রাজনীতিতে গোষ্ঠীগত বিভেদ চরম আকার ধারণ করেছে। ইরাকের সুন্নি অনুসারী উপপ্রেসিডেন্ট তারেক আল হাসেমির বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়া অভিযোগ এনেছেন শিয়া অনুসারী প্রধানমন্ত্রী নূরি আল মালিকি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। এ ঘটনার পর দেশটির জোট সরকারে টানাপোড়েন শুরু হয়েছে। সেই সঙ্গে হঠাত্ করে বেড়ে গেছে আত্মঘাতী বোমা হামলার ঘটনা।বিশ্লেষকেরা বলছেন, ইরাকের সুন্নিদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগিতে আগ্রহী নয় শিয়ারা। সুন্নিদের ব্যাপারে শিয়াদের যেমন সহনশীলতা নেই, তেমনি নেই তাদেরকে তাদের ন্যায্য অধিকার দেওয়ার মানসিকতাও। সব মিলিয়ে দেশটির মধ্যে নেই রাষ্ট্রীয় ঐক্য।বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে রক্তগঙ্গা বা ভাঙনের হাত থেকে রক্ষা পেতে ইরাককে ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় যেতে হবে।সেখানকার কুর্দিরা এখন অভূতপূর্ব স্বায়ত্তশাসন উপভোগ করছে। কুর্দিরা এটা অনেক দিন ধরেই দাবি করে আসছিল। তবে দেশটির অধিকাংশ সুন্নি এ ব্যবস্থাকে মোটেও ভালোভাবে দেখেনি। তারা মনে করত, তাদেরকে হেয়প্রতিপন্ন ও ইরাককে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র।বিশ্লেষকদের মতে, ষড়যন্ত্রের কথা ভুলে সুন্নিদের এখন এ বিষয়ে ইতিবাচক চিন্তা করা উচিত। আর প্রধানমন্ত্রী নূরি আল মালিকি যদি ভালোভাবে ইরাক চালাতে চান, তবে তাঁকে অবশ্যই দেশটিতে ফেডারেল শাসনব্যবস্থার প্রবর্তন করতে হবে। গণতন্ত্রের অধীনে ফেডারেল শাসন ব্যবস্থার মাধ্যমে ক্ষমতার ভাগাভাগি ছাড়া গোষ্ঠীগত বিভেদে জর্জরিত ইরাকে শান্তি ও স্থিতিশীলতা অসম্ভব। দ্য ইকনমিস্ট অবলম্বনে।