ইরাক সফরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট
নতুন সরকার গঠনে অচলাবস্থা নিরসনে ইরাকি নেতাদের সঙ্গে আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল শনিবার বাগদাদ সফরে এসেছেন। ইরাকে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার চার মাস পর এটাই বাইডেনের প্রথম ইরাক সফর। ওই নির্বাচনে কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী না হওয়ায় এ অচলাবস্থা দেখা দিয়েছে।হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, বাইডেন ইরাকি পার্লামেন্ট সদস্যদের সঙ্গে নতুন সরকার গঠনের ওপর আলোচনা করবেন। চলতি বছরে ইরাকে এটি তাঁর দ্বিতীয় সফর। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জেবারি এবং জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বিমানবন্দরে বাইডেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।হোয়াইট হাউস জানায়, বাইডেন প্রধানমন্ত্রী নুরি মালিকি ও তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ইয়াদ আলাবির সঙ্গে সাক্ষাৎ করবেন, যাঁর নেতৃত্বাধীন ইরাকিয়া কোয়ালিশন ৭ মার্চের নির্বাচনে সামান্য কয়েক আসনের সংখ্যগরিষ্ঠতা অর্জন করেছে। তবে কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।প্রধানত শিয়া গ্রুপগুলোর মধ্যে ঐক্য মালিকিকে সরকার গঠনে সহায়তা করতে পারে। তবে আলাবির নেতৃত্বাধীন জোটের সদস্যরা বলছে, তারা নির্বাচনে বেশির ভাগ আসন পাওয়ায় তারাই সরকার গঠন করবে।এদিকে রাজনৈতিক ক্ষমতার অঙ্গনে শূন্যতা তৈরি হওয়ায় ইরাকে সহিংসতা আরও বেড়ে যেতে পারে বলে মার্কিন কর্তৃপক্ষ বেশ উদ্বিগ্ন। —বিবিসি অনলাইন