ইরাকজুড়ে সহিংসতায় নিহত ১০০
ইরাকের রাজধানী বাগদাদসহ বিভিন্ন এলাকায় গতকাল রোববার দফায় দফায় বোমা হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ইরাকের পলাতক সুন্নি ভাইস প্রেসিডেন্ট তারিক আল-হাশেমির মৃত্যুদণ্ডের আদেশের সংবাদে এসব হামলা চালানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে।মৃত্যুদণ্ডাদেশের সংবাদে বাগদাদের সদর, কিরকুক, বাকুবা, সামারা, বসরা ও তুজ খুরমাতো শহরে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। রেস্তোরাঁ, ব্যস্ত বাণিজ্যিক এলাকা, শিয়াদের মসজিদ, বাজার, সামরিক ঘাঁটি ও ইরাকের নর্থ অয়েল কোম্পানির নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে চালানো এসব হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানান।নিরাপত্তা বাহিনী ও শিয়া মসজিদে হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে সুন্নি-অনুসারীদের সংশ্লিষ্ট স্থানীয় আল-কায়েদা।ইরাকের সর্বোচ্চ বিচার বিভাগের মুখপাত্র আবদুল সাত্তার আল-বিরকদার বিবিসি অনলাইনকে বলেন, একজন নারী আইনজীবী ও একজন সেনাবাহিনীর জেনারেলকে হত্যায় আল-হাশেমির সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর আল-হাশেমিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। শাস্তি এড়াতে তিনি কয়েক মাস ধরে পলাতক। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর গত ডিসেম্বরে তারিক আল-হাশেমি পালিয়ে যান। এই মৃত্যুদণ্ডাদেশের ঘটনা ইরাক থেকে মার্কিন সেনা বিদায় নেওয়ার নয় মাস পর সে দেশে শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে ব্যাপক দাঙ্গা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।মামলার রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন আল-হাশেমি। ইরাকের পার্লামেন্ট তার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে সরে যাচ্ছে—এমন অভিযোগ তুলে আল-হাশেমির নেতৃত্বাধীন সুন্নি সংখ্যাগরিষ্ঠ ইরাকিয়া জোট গত বছর থেকে পার্লামেন্টের কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে।