ইরাকজুড়ে বোমা হামলা, নিহত ৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের বিভিন্ন শহরে গতকাল রোববার বোমা হামলার ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০০ জন। নিরাপত্তা বাহিনী ও শিয়া ধর্মাবলম্বীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে পুলিশ জানায়। বিবিসি অনলাইন ও আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।পুলিশ জানায়, গতকাল স্থানীয় সময় সকাল সোয়া সাতটার দিকে রাজধানী বাগদাদ থেকে ২০ মাইল উত্তরে সুন্নি-অধ্যুষিত তাজি শহরে প্রথম গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই শহরে মোট চারটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এতে অন্তত আটজন নিহত হন। সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণাঞ্চলীয় মাদাইন শহরে শিয়া মাজারের কাছাকাছি একটি জায়গায় বোমার বিস্ফোরণ ঘটানো হয়। ইরানি মুসল্লিদের বহনকারী একটি বাসের পাশে এ হামলা চালানো হয়। এতে কয়েকজন ইরানি নাগরিক আহত হন। কুট শহরে একটি পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া মসুল ও বাকুবা শহরেও বোমা হামলার খবর পাওয়া গেছে।বিবিসির একজন প্রতিবেদক জানান, গতকাল রাজধানীর আশপাশের এলাকাজুড়ে হামলায় অনেক বেসামরিক মানুষ হতাহত হয়েছে।