ইরাকজুড়ে বোমা হামলায় নিহত ৫৩
ইরাকজুড়ে বেশ কয়েকটি বোমা হামলায় সেনা ও পুলিশ সদস্যসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন বহু লোক। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়।ইরাকের রাজধানী বাগদাদ ও এর আশপাশের এলাকায় এবং উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।বেশির ভাগ হামলার ঘটনা ঘটেছে নিরাপত্তাবাহিনী ও পুলিশ লক্ষ্য করে।ঈদের আগে এসব হামলার ঘটনা ইরাকে ঈদের প্রস্তুতির ওপর কালো ছায়া ফেলেছে। এদিকে জঙ্গিরা আরও হামলা চালাতে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছে কর্তৃপক্ষ।ইরাকের কর্মকর্তারা বলেন, দেশজুড়ে ডজন খানেকের বেশি বোমা হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় বাগদাদের সদর সিটি শহরে আইসক্রিমের একটি দোকানের সামনে এক বিস্ফোরণে ১১ জন নিহত ও ৪১ জন আহত হয়। রাজধানীর জাফরানিয়া এলাকায় এক গাড়িবোমা হামলায় আরও বেশ কয়েকজন নিহত হয়।কিরকুকের পুলিশের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সারহাদ কাদির বার্তা সংস্থা এপিকে বলেন, এক সেনা কর্মকর্তার বাড়ির কাছে পেতে রাখা বোমা হামলায় ওই কর্মকর্তার ভাই নিহত হন। এ ছাড়া আহত হন তাঁর বাড়ির ছয়জন সদস্য।কর্মকর্তারা বলেন, বাগদাদের হুসেইনিয়াহ জেলায় এক গাড়িবোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত ও প্রায় ৩০ জন আহত হয়। কিরকুক প্রদেশের দাকুক শহরে এক আত্মঘাতী হামলায় সাত পুলিশ সদস্য নিহত হন।এপির খবরে বলা হয়, ইরাকের উত্তর দিকের শহর মিসহাদার কাছে এক সেনা চৌকি লক্ষ্য করে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে সাত সেনা সদস্য নিহত ও আটজন আহত হন। বার্তা সংস্থাটি আরও জানায়, রাজধানীর ৪২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে তাল আফার শহরের এক চায়ের দোকানে আত্মঘাতী হামলায় অন্তত সাতজন নিহত হয়।কর্মকর্তারা বলেন, আল-গার্মা, তুজ খুরমাতু, দিবিস, ফালুজা ও বাকুবা এলাকায়ও হামলার ঘটনা ঘটে। কয়েক মাস ধরে ইরাকের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে সহিংসতার মাত্রাও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে, শিয়া নেতৃত্বাধীন ইরাক সরকারকে বেকায়দায় ফেলতে সুন্নি গোষ্ঠীর সদস্যরা এই সহিংসতা ঘটাতে পারে।সরকারি হিসাবে গত মাসে (জুলাই) ইরাকজুড়ে বিভিন্ন হামলায় তিন শতাধিক লোক নিহত হয়, যা ২০১০ সালের আগস্টের পর থেকে কোনো এক মাসে সবচেয়ে বেশি লোক নিহত হওয়ার ঘটনা। গত ডিসেম্বরে মার্কিন সেনা প্রত্যাহার করার পর থেকে দেশটিতে সহিংসতার ঘটনা বেড়েই চলছে।