ইরাকি বাজারে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের উত্তরাঞ্চলীয় দিয়ালা প্রদেশের বাকুবা শহরের কাছে একটি জমজমাট বাজারে এক গাড়িবোমা বিস্ফোরণে গতকাল বুধবার অন্তত ১৫ জন নিহত ও ২৬ জন আহত হয়।কিন্তু বাকুবা ও নিকটবর্তী শহর মুকদাদিয়ার হাসপাতাল ও মর্গের কয়েকটি সূত্র এবং প্রাদেশিক সরকারের একটি সূত্র বলেছে, ওই বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে।পুলিশ জানায়, বিস্ফোরণটি ঘটে বাকুবা থেকে ১০ কিলোমিটার পূর্ব দিকের আবু সায়দা শহরে। এতে একটি ভবনের একাংশ ধসে পড়ে, চারটি বাড়ির বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় এবং পাঁচটি গাড়িতে আগুন লেগে যায়।আহতদের দ্রুত বাকুবা ও মুকদাদিয়ার কয়েকটি হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছে। বাগদাদ থেকে বাকুবার দূরত্ব প্রায় ৬৫ কিলোমিটার।এ সপ্তাহে বাকুবা এলাকায় একের পর এক কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটে। হাসপাতালের কর্মকর্তারা জানান, গত সোমবারে বাকুবার একটি কাফের পার্কিং লটে একটি গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত ও ১৫ জন আহত হয়।তার পরের দিন, বুধবারে শহরটির পশ্চিমে আরেকটি গাড়িবোমা হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়। একই দিনে শহরটির পূর্বাঞ্চলে পুলিশের একটি টহল দলের পাশে রাস্তায় পুঁতে রাখা দুটি বোমা বিস্ফোরিত হলে ১০ জন পুলিশ সদস্য আহত হয়।